দাহ্য পদার্থে দগ্ধ নারীর মুখমণ্ডল, নিক্ষেপের পর পালানোর সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। দাহ্য পদার্থে মুখমণ্ডল দগ্ধ হয়ে যাওয়া ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বৈকালিন বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম পারভীন বেগম (৩৫)। তিনি সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। দাহ্য পদার্থে তাঁর মুখ, গলা ও বুকের ওপরের অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। তাঁর নাম নজরুর সিকদার ওরফে কামাল। তিনি আয়লাপাতাকাটা ইউনিয়নের গাবতলা গ্রামের বাসিন্দা।

পারভীনের ছোট বোন জেসমিন আক্তার বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় নাসির সিকদার, বশির সিকদার, নজরুর সিকদারদের সঙ্গে শাহজাহানের বিরোধ চলে আসছে। সোমবার রাত ১০টার দিকে পারভীন বরগুনা বাজার থেকে বৈকালিন বাজারে যান। এর কিছু পর নাসির সিকদার, বশির সিকদার, নজরুর সিকদার মিলে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভীনের ডাকচিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে দাহ্য পদার্থ নিক্ষেপকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করেন। খবর পেয়ে বরগুনা সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। প্রতিবেশীরা পারভীনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক শামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, দাহ্য কোনো পদার্থ পড়ে নারীর মুখ, গলা ও বুকের ওপরের অংশের প্রায় ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারীর বাবা শাহজাহান বলেছেন, তাঁদের সঙ্গে নাসির সিকদারদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ হামলা তাঁরা করছেন বলেন তিনি অভিযোগ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাচান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের কারণে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কামাল নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্য বক্তিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।