গাইবান্ধায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হত্যা মামলার প্রধান আসামি আরিফ মিয়া দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের আদালতে তাঁর জবানবন্দি গ্রহণ করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদার রহমান জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। জবানবন্দির বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আরিফ মিয়া পুলিশের কাছে হত্যার সঙ্গে তাঁর সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পারিবারিক শত্রুতার কারণে তিনি তাঁর সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড চালান। ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আবদুর রউফ দ্বিতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আরিফের ক্ষোভের সৃষ্টি হয়। আবদুর রউফ যাতে আর দায়িত্ব পালন করার সুযোগ না পান, সে জন্য আরিফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান।
এর আগে শনিবার রাতে পঞ্চগড় জেলার বোদা থেকে ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল রোববার দুপুরে নিজের কার্যালয়ে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করে রংপুরের র্যাব। রোববার সন্ধ্যায় তাঁকে গাইবান্ধা সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার বিকেলে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম অভিযুক্ত আরিফ মিয়াকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে নিয়ে যান।
পুলিশ জানায়, ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে আবদুর রউফ নির্বাচিত হন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর স্কুল ও কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন রউফ। গুরুতর আহত অবস্থায় রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত শনিবার রাতে নিহত আবদুর রউফের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া একই ঘটনায় অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করা হয়। ওই ঘটনার পর আরিফ মিয়া পলাতক ছিলেন।