মেয়াদ পূরণ হওয়ার আগেই দায়িত্ব গ্রহণ করায় কুমিল্লার বরুড়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ক্ষমতা ফিরিয়ে দিতে হলো। গতকাল বুধবার ওই ছয় চেয়ারম্যান দায়িত্ব ফেরত দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাঁরা দায়িত্ব ফিরিয়ে দেন। পাঁচ বছর মেয়াদ পূরণ না হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৩১ মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন হয়। এর মধ্যে আটটি ইউনিয়নের ফল ঘোষণা করা হয়। একটি ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই আটজন চেয়ারম্যান গত ২৫ মে শপথ নেন। এরপর তাঁরা এলাকায় গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ইউনিয়নগুলোতে নির্ধারিত সময়ের আগে দায়িত্ব গ্রহণ করায় আগের চেয়ারম্যানরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফুন নাহার নাজীমের কাছে অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক এ কে এম মামুনুর রশিদকে জানানো হয়। পরে তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে আট চেয়ারম্যানের মধ্যে ছয়জন দায়িত্ব ফিরিয়ে দেন। আর দুজন আগের বারও চেয়ারম্যান থাকায় তাঁদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর আগে গত মঙ্গলবার ইউএনও সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন।
এ প্রসঙ্গে ঝলম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘শপথ গ্রহণের পর জন্মনিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স, জাতীয়তা সনদসহ বিভিন্ন সনদ দিয়েছি। এ ছাড়া আমার সইয়ে বিভিন্ন অনুদানও দিয়েছি। এখন পূর্ববর্তী চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ায় আবারও ক্ষমতা ফিরিয়ে দিতে হলো আমাকে।’
ইউএনও লুত্ফুন নাহার নাজীম বলেন, পাঁচ বছর মেয়াদের জন্য তাঁরা চেয়ারম্যান হয়েছিলেন। মেয়াদ পূরণ হতে আরও দুই মাস বাকি। তাই ওই সময়ের পরে নতুন নির্বাচিত চেয়ারম্যানরা দায়িত্ব নেবেন। স্থানীয় সরকার বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত দেওয়া হয়।
কুমিল্লা জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, মেয়াদ পূর্ণ হওয়ার আগে ক্ষমতায় বসার কোনো সুযোগ নেই।