দিঘির শহরে দিঘি নেই

  • শহরজুড়ে দিঘির নামে এলাকা আছে। কোথাও দিঘি নেই। ভরাট হচ্ছে পুকুর-জলাশয়ও।

  • শুধু জলাশয় আইন থাকলেই হবে না। পুকুর-দিঘি ভরাট ঠেকাতে চাই ইচ্ছাশক্তি। পুনরুদ্ধারের জন্য চাই সাহস।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরদিঘির পাড়, লালদিঘির পাড়, রামের দিঘির পাড়, চারাদিঘির পাড়, মাছুদিঘির পাড়—এগুলো সিলেট নগরের একেকটি এলাকার নাম। দিঘির পরিচয়ে এলাকাগুলো আছে, কিন্তু একটি দিঘিরও অস্তিত্ব নেই। গত চার দশকে দিঘি, জলাশয় হারিয়ে আস্তে আস্তে বদলে গেছে সিলেট শহর। ঘিঞ্জি এখন এ শহরের পরিবেশ। পানি ধরে রাখার, পানি সরে যাওয়ার প্রাকৃতিক ব্যবস্থা নষ্ট করে ফেলায় বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। একসময়ের টিলা, ছড়া, দিঘি-পুকুরের শহর এখন বৈচিত্র্যহীন, একঘেয়ে।

নগরের চৌহাট্টা এলাকার প্রবীণ বাসিন্দা ও শিক্ষাবিদ বিজিতকুমার দে (৮৯) জানান, তাঁদের শৈশব-কৈশোরে শহরে কয়েক শ দিঘি-পুকুর ছিল। আশি ও নব্বইয়ের দশকে শহরের বাসিন্দা ক্রমেই বাড়তে থাকে। তখনই মূলত বদলে যেতে শুরু করে শহরের চেহারা। আবাসনের নামে পুকুর-দিঘি ভরাট করে বহুতল ভবন তৈরি হতে থাকে। এখনো এই ধারা চলছে।

সিটি করপোরেশন বলছে, শহরে আর পুকুর-দিঘি আছে ২৮টি। বেলার হিসাবে সংখ্যাটা ৩৬। বাপার দাবি, এখনো শতাধিক পুকুর-দিঘি আছে সিলেট শহরে

পরিবেশকর্মীদের অভিযোগ, ব্যক্তিমানুষের পাশাপাশি সিটি করপোরেশন কর্তৃপক্ষও পুকুর-দিঘি নিশ্চিহ্ন করতে সহায়তা করছে। রাস্তা চওড়া করার অজুহাতে প্রায় তিন বছর আগে কাজীটুলা এলাকার কাজীদিঘির চারপাশে ৮ থেকে ১০ ফুট করে ভরাট করেছে সিটি কর্তৃপক্ষ। ১১০ শতক আয়তনের কাজীদিঘির এখন ৮৭ শতক আছে। ধোপাদিঘির পাড় ঘেঁষে সিটি করপোরেশন ১০ তলা বাণিজ্যিক ভবনসহ কিছু প্রকল্পের কাজ করছে। সেখানেও দিঘি ভরাটের ঘটনা ঘটেছে। এরও আগে এ দিঘি ভরাট করে ওসমানী শিশু উদ্যানসহ কিছু স্থাপনা নির্মিত হয়। বছর চল্লিশেক আগে লালদিঘি ভরাট করে হকার্স মার্কেট বানিয়েছিল সিটি করপোরেশন।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের মজুমদারদিঘির প্রায় অর্ধেক ভরাট করে ফেলা হয়েছে। বাকি অংশ এখন পানিহীন, পরিত্যক্ত। সেখানে ময়লা-আবর্জনা ফেলছে স্থানীয় লোকজন। কাষ্টঘর এলাকার একটি পুকুর কমতে কমতে ছোট ডোবায় পরিণত হয়েছে। জিন্দাবাজার এলাকার কাস্টমস অফিসের পুকুর কচুরিপানার নিচে হারিয়ে গেছে। সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ করছে সিটি কর্তৃপক্ষ। সুবিদবাজারের দস্তিদারদিঘিও প্রায় পানিশূন্য।

গত জানুয়ারি মাসে সোনারপাড়া জামে মসজিদের পুকুরটি ভরাট করে সিটি করপোরেশন। সোনারপাড়া এলাকার স্থানীয়দের অভিযোগ, পুকুরটি সৌন্দর্যবর্ধনের কাজ করেছিল করপোরেশন। কিন্তু ভারী যন্ত্রপাতি দিয়ে অপরিকল্পিতভাবে পুকুরটি খনন করায় এর দুই পাড় ধসে পড়ে। এরপর আশপাশের এলাকায় ধস ঠেকাতে পুরো পুকুর ভরাট করে ফেলে করপোরেশন। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, মাটি খুঁড়তে গিয়ে পাড় ধসে যায়। আশপাশের বাসিন্দাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে স্থানীয় মসজিদ কমিটির অনুরোধে পুকুরটি ভরাট করা হয়েছে। এ ছাড়া পুকুরের পানিও ব্যবহারের অনুপযোগী ছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি যাওয়ার তিনটা উপায় আছে। এক. মাটি কিছু পানি শোষণ করবে। দুই. খাল-নদী-ছড়া দিয়ে কিছু পানি অন্যত্র চলে যাবে। তিন. বাকি পানি পুকুর-দিঘি-জলাশয়ে জমা হবে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে এবং বাকিটিতে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকাসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। কিন্তু সিলেট নগরের দিঘি, পুকুর ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। প্রাকৃতিক ও পরিবেশগত সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।

কত পুকুর-দিঘি অবশিষ্ট আছে

এখন শহরে ঠিক কী পরিমাণ পুকুর-দিঘি আছে, তার সুনির্দিষ্ট হিসাব নেই। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার বলেন, নগরে পুকুর, দিঘি, খালসহ মোট জলাভূমির পরিমাণ ৫৪৮ দশমিক ৮ হেক্টর। সিটি করপোরেশন বর্তমানে ২৮টি পুকুর-দিঘির অস্তিত্ব আছে দাবি করলেও বেলা এখন পর্যন্ত ৩৬টির সন্ধান পেয়েছে। অবশ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, শহরে এখনো শতাধিক পুকুর ও দিঘি আছে। সেগুলো সংরক্ষণ ও রক্ষা করতে সংশ্লিষ্টদের ভূমিকা রাখা উচিত।

দিঘি ও পুকুরের আশপাশের বাসিন্দারা জানান, পুকুর-দিঘিগুলো ব্যক্তিমালিকানারই বেশি। এর বাইরে সিটি করপোরেশন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন পুকুরও আছে। যেসব পুকুর-দিঘি এখনো টিকে আছে, সেসবও আংশিক ভরাটের ফলে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রকাশ্যে জলাধার ভরাট করা হলেও তা রোধ করছে না কেউই।

মজুমদারদিঘি এবং দস্তিদারদিঘি কয়েক বছর ধরে দখল ও ভরাটের চেষ্টা করা হচ্ছে। পরিবেশকর্মীদের প্রচেষ্টায় তা আপাতত রক্ষা পেয়েছে। তবে গত চার দশকে চারাদিঘি, রামের দিঘি, মাছুদিঘি, সাধুবাবুর দিঘি, টিবি হাসপাতাল দিঘি, তালতলা দিঘি, রাজার মার দিঘি, ভার্থখলা বড়বাড়ির পুকুরসহ শতাধিক জলাধার ভরাটের ঘটনা ঘটেছে। এসব স্থানে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন।

এসব দেখার কথা সিলেট সিটি করপোরেশনের। সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, যেসব জলাশয় এখনো অক্ষত আছে, সেসব সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নগরের জল্লারপাড় এলাকায় পাঁচ একর জায়গায় অবস্থিত একটি জলাশয়ের জমি উদ্ধার করা হয়েছে। এখানে সিটি করপোরেশনের একটি উদ্যান করার পরিকল্পনা আছে।

সিটি করপোরেশন পুকুর-দিঘির কিছু অংশ ভরাট করে উন্নয়ন করছে, পরিবেশকর্মীদের এমন অভিযোগের প্রসঙ্গে মেয়র বলেন, এমন অভিযোগ সঠিক নয়। কাজীদিঘির ধস ঠেকাতে সিটি কর্তৃপক্ষ সংস্কারকাজ করেছে। ধোপাদিঘি ভরাট করলেও কোনো ভবন নির্মিত হচ্ছে না। মজুমদারদিঘি ও দস্তিদারদিঘিও সংস্কার করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। তবে অতীতে যেসব বড় দিঘি-পুকুর ভরাট হয়েছে, এর মধ্যে লালদিঘি অন্যতম। সেখানে কয়েক দশক আগে হকার্স মার্কেট করা হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক আহমদ বলেন, শুধু জলাশয় আইন থাকলেই হবে না। পুকুর-দিঘি ভরাট ঠেকাতে চাই ইচ্ছাশক্তি। পুনরুদ্ধারের জন্য চাই সাহস। তিনি বলেন, যেসব পুকুর-দিঘি অর্ধেক ভরাট হয়েছে বা ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো এখনই পুনরুদ্ধার করে সংরক্ষণ করতে হবে।