পটুয়াখালীর কলাপাড়া
দিনদুপুরে উজাড় হচ্ছে চর গঙ্গামতির গাছ
২০০৮-০৯ সালে চর গঙ্গামতি এলাকায় সাগরের কোল ঘেঁষে আকাশমণির বাগান তৈরি করা হয়।
বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে কাটা গাছগুলো। সেগুলো টেনে ট্রলিতে তোলার কাজে ব্যস্ত চারজন। একটু দূরে আরও তিন-চারজনকে দেখা গেল গাছ কাটতে। অবৈধভাবে গাছ কাটার এমন দৃশ্য গত শনিবার বেলা তিনটার। স্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরঘেঁষা চর গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চল।
বনের গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা প্রথমে কেউ নাম–পরিচয় জানাতে চাননি। পরে দুজন বেল্লাল হোসেন ও আলম নামে পরিচয় দেন। তাঁরা বলেন, তাঁদের বাড়ি চর গঙ্গামতি এলাকায়। এসব গাছ জোয়ারের পানির চাপে উপড়ে পড়েছে। কিছু গাছ আগেই মরে গেছে। তা ছাড়া এগুলো তেমন ভালো জাতের নয়। এগুলো কাটলে বনের তেমন ক্ষতি হবে না।
বেল্লাল হোসেন বলেন, ‘আমরা বন বিভাগের লোকজনরে বইল্লাই গাছগুলান কাটছি। হ্যারাই কাইট্যা নেতে কইছে। হ্যারা কি এমনেই গাছ কাটতে দেছে, হ্যাগো মোরা টাহাও দেই।’
২০০৮-০৯ সালে চর গঙ্গামতি এলাকায় সাগরের কোল ঘেঁষে আকাশমণির বাগান তৈরি করা হয়। এ বাগানসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশমণি, হরীতকী, বহেরা, রেইনট্রি, গামারিসহ নানা প্রজাতির গাছ রয়েছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শুধু চর গঙ্গামতি এলাকায় প্রায় ১০ হাজারের মতো আকাশমণিগাছ সৃজন করা হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী খাজুরা ও কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের আওতায় আরও ২০ হাজার আকাশমণিগাছের সৃজিত বাগান রয়েছে। কুয়াকাটা ইকোপার্ক শীর্ষক প্রকল্পের আওতায় এসব নতুন বাগান করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস হাওলাদার ও তোফাজ্জেল হোসেন মৃধা অভিযোগ করে বলেন, গাছ কেটে নেওয়ার ঘটনা শুধু এক দিনের চিত্র নয়। প্রায়ই বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কখনো দিনে গাছ কাটে। আবার কখনো রাতেও কাটা হয়। বন বিভাগের স্থানীয় কর্মীদের সঙ্গে যোগসাজশে এ কাজ চলে।
শনিবার সরেজমিনে এ অভিযোগের সত্যতা মেলে। সেখানে যেসব গাছ কেটে নেওয়া হয়েছে, তার অসংখ্য গোড়া পড়ে রয়েছে।
উপকূলীয় এলাকা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। দিনদুপুরে গাছ কাটা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই বন বিভাগের লোকজন জড়িত। এর দায় বন বিভাগকেই নিতে হবে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘দিনদুপুরে এভাবে গাছ কাটা হচ্ছে, তা আমি জানতাম না। যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত দুই বছরে চর গঙ্গামতি এলাকায় গাছ কাটার ঘটনায় ১৮-২০টির মতো মামলা করা হয়েছে।’
এ সম্পর্কে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, এমনিতেই উপকূলীয় এলাকা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ রোপণ করা হচ্ছে। সেখানে গাছ কাটা কাম্য নয়। দিনদুপুরে গাছ কাটা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই বন বিভাগের লোকজন জড়িত। এর দায় বন বিভাগকেই নিতে হবে।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, গাছ কাটার ঘটনায় দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বন বিভাগের কেউ যদি জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।