দিনদুপুরে এনজিওকর্মীর কবজি বিচ্ছিন্ন করে টাকা ছিনতাই
ঋণের টাকা আদায় করে কার্যালয়ে ফিরছিলেন এক নারী এনজিওকর্মী। কিন্তু সেখানে পৌঁছার আগেই কুপিয়ে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন করে টাকা, ট্যাব ও মুঠোফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার দিনদুপুরে এই ঘটনা ঘটেছে নরসিংদী শহরে।
হামলার শিকার এনজিওকর্মীর নাম শান্তা আক্তার (৩১)। তিনি নরসিংদী শহরের পশ্চিম ঘোড়াদিয়ার সংগীতা এলাকার মো. বাবু নাজিরের স্ত্রী। শান্তা বেসরকারি সংস্থা (এনজিও) আশার বাজিরমোড় কার্যালয়ের ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, ঋণ কর্মকর্তা শান্তা আক্তার আজ শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় ঋণের কিস্তির টাকা আদায় করতে আসেন। বেলা দেড়টার দিকে কিস্তির টাকা আদায় শেষে রিকশায় শহরের বাজির মোড় অফিসের উদ্দেশে রওনা হন। পশ্চিম কান্দাপাড়া এলাকার সরকারি মহিলা কলেজের সামনে আসার পর দুজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।
পরে তারা শান্তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।
ওই নারীর বাঁ হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে হাতের চামড়ার সঙ্গে ঝুলে ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন।
দীপ সাহা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ওই নারীর, আর বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন তিনি। আমি এগিয়ে গিয়ে দেখি তাঁর বাঁ হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় আছে। এরপরই তাঁকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। পথে ওই নারীর কাছে স্বজনদের ফোন নাম্বার জানতে চাইলে তিনি আমাকে তাঁর ভাইয়ের নাম্বার দেন। পরে ওই নাম্বারে কল করলে ওই নারীর স্বজন ও সহকর্মীরা হাসপাতালে আসেন।’
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরুল আমিন জানান, ওই নারীর বাঁ হাতের কবজি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে হাতের চামড়ার সঙ্গে ঝুলে ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন।
এ বিষয়ে আশার কয়েকজন কর্মকর্তা জানান, শান্তা দুপুরের দিকে কিস্তির টাকা আদায় শেষে রিকশায় করে কর্মক্ষেত্রে ফিরছিলেন। সরকারি মহিলা কলেজের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও ব্যাগে থাকা ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুজন ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।