দিনদুপুরে সড়কের গাছ লুট, আসামি 'অজ্ঞাত'!
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে অবস্থিত তৌহিদুল ইসলামের করাতকল থেকে গত শুক্রবার বিকেলে পাঁচটি ইউক্যালিপটাস গাছের টুকরো জব্দ করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার ফারুক আহাম্মেদের দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করেননি।
ফারুক আহাম্মেদ বলেন, যারা গাছগুলো কেটেছে তাদের পরিচয় তাঁর জানা নেই। এ কারণে এজাহারে দুর্বৃত্তদের কথা বলা হয়েছে।
এজাহারে বলা হয়, আক্কেলপুর (জেসি) ভায়া ভানুরকান্দা-কাশিড়া সড়কে এলজিইডির আওতায় ইউক্যালিপটাস গাছগুলো রোপণ করা হয়েছিল। দুর্বৃত্তরা শুক্রবার দিনের বেলায় ওই সড়কের পৌর এলাকার চক্রপাড়া মহল্লায় স্বপন আকন্দের ইটভাটার সামনে পাঁচটি গাছ কেটে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকালে হঠাৎ করেই সাত-আটজন শ্রমিক গাছ কাটা শুরু করেন। তাঁরা দুপুর পর্যন্ত একে একে পাঁচটি বিশাল ইউক্যালিপটাস কাটেন। এরপর কাটা গাছগুলো ভ্যানে তুলে শহরের টিঅ্যান্ডটি মোড়ের তৌহিদুলের করাতকলে নিয়ে যান। সন্ধ্যায় সেখান থেকে গাছের কাটা টুকরোগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’ আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।