দিনমজুরের ছদ্মবেশে শিশু অপহরণ করতেন ফরিদুল
দিনমজুরের ছদ্মবেশে বিভিন্ন জেলায় কাজ করতেন তিনি। এরপর সুযোগ পেলেই শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। মুক্তিপণ আদায়ের জন্যই বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চর থেকে ৯ বছরের শিশু রাজ মামুনকে অপহরণ করেন। এরপর মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন পরিবারের কাছে। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করেন।
গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ফরিদুল ইসলাম (২৮)। আজ বুধবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
ফরিদুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার চররহমত গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর সাভার এলাকা থেকে ফরিদুলকে গ্রেপ্তার করে।
নিহত শিশু রাজ মামুন কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া চরের সুলতান শেখের ছেলে।
২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্যই যমুনা নদীর দুর্গম চর থেকে ৯ বছরের শিশু রাজ মামুনকে অপহরণ করেন ফরিদুল। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করেন।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফরিদুল ইসলাম বলেন, দিনমজুরির ছদ্মবেশে কিছুদিন আগে তিনি বগুড়ায় আসেন। এরপর মুক্তিপণ আদায় করতে শিশু অপহরণের পরিকল্পনা আঁটেন। পরিকল্পনা অনুযায়ী ৫ ডিসেম্বর বিকেলে যমুনা নদী পার হয়ে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া চরে যান। চরের একটি মুদিদোকানের পাশে খেলছিল কয়েকটি শিশু। তাদের মধ্যে একটি শিশুকে অপহরণের জন্য মুদিদোকানের পাশেই সন্ধ্যা পর্যন্ত ওত পেতে থাকেন। সন্ধ্যার পর রাজ মামুনকে অপহরণের এক দফা চেষ্টা করেন। প্রথম দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাত আটটার দিকে ঘুঘু পাখি দেওয়ার লোভ দেখিয়ে রাজ মামুনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে তার বাবার কাছে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে পরে রাজ মামুনকে শ্বাসরোধে হত্যা করেন।
এর আগে আজ সকালে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, শিশু রাজ মামুন অপহরণের ঘটনায় তার বাবা সুলতান শেখ সারিয়াকান্দি থানায় গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর অপহরণকারীকে শনাক্ত এবং গ্রেপ্তারে সারিয়াকান্দি থানা-পুলিশ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে মাঠে নামানো হয়। তারা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ২০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে তিনি শিশু রাজ মামুনকে শ্বাস রোধ করে হত্যার কথা জানান। সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম বেড়া পাঁচবাড়িয়া চরের ধানখেতে লাশ লুকিয়ে রেখেছেন। রাতেই তাঁকে সঙ্গে নিয়ে বেড়া পাঁচবাড়িয়া চরে অভিযানে গিয়ে ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, ফরিদুল একজন ‘পেশাদার’ অপহরণকারী। আগেও তিনি শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন।