দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম
ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রবিউল ইসলামকে জেলা কারাগারে  পাঠিয়েছেন আদালত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে হওয়া মামলায় তাঁকে আজ রোববার কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে রবিউল ইসলাম আইনজীবীর মাধ্যমে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-১) ঈসমাইল হোসেনের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান।

গত বছরের ২৯ আগস্ট দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মারা গেলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন তফসিল ঘোষণা করে। ওই বছরের ২১ অক্টোবর অনুষ্ঠিত ওই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রবিউল ইসলাম জয়লাভও করেন। নির্বাচনের আগে ৭ অক্টোবর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত আওয়ামী লীগের প্যাডে নিজেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন তিনি। ওই বিজ্ঞপ্তি তিনি বিভিন্ন গণমাধ্যমে পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে প্রচার চালান।

বিষয়টি নজরে আসার পর গত বছরের ৮ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে রবিউলের নামে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে শত্রুতা ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতি জনমনে ঘৃণা সৃষ্টি এবং আওয়ামী লীগের সামাজিক, রাজনৈতিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন রবিউল ইসলাম। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগ দিনাজপুর কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাব্বিরুল আহসান মৃত্যুবরণ করায় রবিউল ইসলামকে সেই পদ দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে মামলার বাদী কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন আসামি রবিউলের ওই বিজ্ঞপ্তি ভুয়া।

মামলা হওয়ার পর আসামি রবিউল ইসলাম হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার সাবেক পরিদর্শক মাহবুবুর রহমান চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোপপত্র দাখিল করেন।