দিনাজপুরে অনলাইন ভ্যাট নিয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে গতকাল শনিবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং অনলাইন ভ্যাট সম্পর্কে করদাতা সচেতনতা সৃজন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মো. আহ্সানুল হক।
দিনাজপুর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। জেলার শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন।
দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ, সহকারী কমিশনার মৌসুমী সরকার, দিনাজপুর বিভাগের সহকারী কমিশনার মো. তাহের-উল-আলম চৌধুরী। দিনাজপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
কমিশনার মো. আহ্সানুল হক বলেন, ‘ব্যবসায়ীদের জন্য আমরা আধুনিক কর প্রদান পদ্ধতি চালু করে যাচ্ছি। সেটা সনাতনী পদ্ধতিতে নয়, অনলাইন কর প্রদান পদ্ধতিতে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে নিতে রাজস্ব আদায় যথেষ্ট ভূমিকা রাখবে।’
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, সে ক্ষেত্রে সার্কেলে কোনো চালান জমা দিতে হবে না এবং চলতি হিসাব নেই বিধায় প্রদেয়, রেয়াত, ট্রেজারি জমা ও সমন্বয়-সংক্রান্ত সব তথ্য লিপিবদ্ধ করারও প্রয়োজন নেই। অনলাইনে ভ্যাট প্রদান বিষয় নিয়ে কর কমিশনারসহ কর কর্মকর্তারা উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।