দিনাজপুরে আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
দিনাজপুরে আইনজীবীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণ, আইনানুগ আদেশ না দেওয়া, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সমিতি।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বদলি করার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।
সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শামসুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শাহ দোরখ শান প্রমুখ।
আইনজীবীরা জানিয়েছেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ আইনজীবীদের সঙ্গে অসৌজ্যমূলক আচরণ করেন। মামলা বিবেচনা না করে খারিজ করে দেন। তাঁর এমন আচরণে বিচারপ্রার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো সুরাহা করেননি। তাই আইনজীবীরা বাধ্য হয়েই জেলা ম্যাজিস্ট্রেটের অধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই ম্যাজিস্ট্রেটের অপসারণ করতে হবে। অন্যথায় জেলা ম্যাজিস্ট্রেটের আদালতও বর্জন করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, আইনজীবীদের সিদ্ধান্তের বিষয়টি তিনি এখনো জানেন না। আদালতের বিষয়গুলো সঠিকভাবে জানালে বা কোনো মামলায় আইনানুগ হয়েছে কি না, সেগুলো সঠিকভাবে অবহিত করলে পর্যালোচনা করা যেতে পারে। তা ছাড়া উচ্চ আদালত তো আছেনই।