দিনাজপুরে আরও ৩ জনের মৃত্যু, আসতে পারে কঠোর লকডাউন
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১৩৪। এদিকে ২৪ ঘণ্টায় ১৩৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুছ বলেন, সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বল্প সময়ের মধ্যে সংক্রমণ বিবেচনায় দু-একটি উপজেলায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি চলছে।
করোনায় মৃত তিনজন হলেন বিরামপুর উপজেলার মোজাফফর হোসেন (৬৫), বিরল উপজেলার শাহজাহান আলী (৬১) ও সদর উপজেলার নাজনীন চৌধুরী। গত ৫ মে থেকে বিভিন্ন সময়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তাঁরা।
এ জেলায় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ছিল ১০০। ফেব্রুয়ারিতে মৃত মানুষের সংখ্যা শূন্য। মার্চে ৩ জন। এপ্রিলে ৮ জন। সেখানে মে মাসে মৃত মানুষের সংখ্যা ১৮। সর্বশেষ গত ছয় দিনে মৃত্যু হয়েছে ৬ জনের।
সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ৪১ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৪৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৫ শতাংশ। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২২ জন। আজ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন এবং হোম আইসোলেশনে থেকে মুঠোফোনে চিকিৎসাসেবা গ্রহণ করছেন ২৬৫ জন।
জেলার সিভিল সার্জন আবদুল কুদ্দুছ বলেন, দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে সদর উপজেলায় করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। ইতিমধ্যে জেলা করোনা কমিটির বৈঠক হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে দু-একটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালের মধ্যে বিধিনিষেধ উল্লেখ করে ঘোষণাপত্র জারি করা হবে।