দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস।
দিনাজপুরে আক্রান্তদের মধ্যে ৭৫ জন পুরুষ, ২৪ জন নারী ও ৪ শিশু। দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিনাজপুর সদর উপজেলায়, ৩১ জন। এ ছাড়া ঘোড়াঘাট উপজেলায় ১৯ জন, বোচাগঞ্জে ৬ জন, পার্বতীপুরে ৬ জন, নবাবগঞ্জে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, ফুলবাড়িতে ৪ জন, বিরামপুরে ৪ জন, খানসামায় একজন, চিরিরবন্দরে একজন, কাহারোলে ৮ জন ও বিরল উপজেলায় ৯ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আব্দুস কুদ্দুস বলেন, করোনাভাইরাসে আক্রান্তরা সবাই সুস্থ আছেন। এ জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার ৩৭তম দিনে আক্রান্তের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ালে শনাক্তের সংখ্যাও অনেক বাড়বে। এটা এতই ছোঁয়াচে যে আক্রান্ত কোনো ব্যক্তি দোকানের একটি কাপড়ে হাত দিলে পরে যে ওই কাপড়ে হাত দেবেন, তাঁর সংক্রমণের ঝুঁকি থাকে। তিনি হাট-বাজারসহ সব স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক আক্রান্তদের খোঁজ–খবর রাখছেন। প্রত্যেকেই সুস্থ আছেন।