দিনাজপুরে করোনায় চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) সংক্রমিত হয়ে দিনাজপুরে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা এখন ৭।
মারা যাওয়া ওই চিকিৎসকের নাম আব্দুল আহাদ (৬৭)। তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার আলোকডিহী ইউনিয়নের গছাহার গ্রামের শাহাপাড়া এলাকায়। ২০০৯ সালের ১৫ জুন হাসপাতালটির পরিচালক পদে যোগ দেন আব্দুল আহাদ। একই বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন। এরপর থেকে তিনি অবসর জীবনযাপন করছিলেন।
জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, চিকিৎসক আব্দুল আহাদ আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৮ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় দিনাজপুরে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর মোট সংখ্যা ৪৪১। এর মধ্যে পুরুষ ৩১৪, নারী ১০৮ ও শিশু ১৯ জন।