দিনাজপুরে করোনায় চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দিনাজপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোর্শেদুল আলম চৌধুরী (৪০) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোর্শেদুল আলম চৌধুরী দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা (আয়ুর্বেদিক) পদে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি গ্রামের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন মো. আবদুল কুদ্দুস বলেন, ৪ মে মোর্শেদুল আলম অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাঁর নমুনা পরীক্ষা হয় এবং তিনি করোনা পজিটিভ হন। পরের দিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে তাঁর চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাঁর গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২৬ জন। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট ৪০ হাজার ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫০ জনের। বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ১৯৭ জন। তাঁদের মধ্যে ৩২ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।