দিনাজপুরে গ্রাহকের বাসায় বসছে প্রি-পেইড মিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বিদ্যুতের বিল পরিশোধের ক্ষেত্রে এবার স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এক মাসের মধ্যে গ্রাহকের বাড়িতে এই মিটার স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২টায় এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। একটা সময় মানুষ বলত, বিদ্যুৎ কখন আসবে। আর এখন মানুষ বলে, বিদ্যুৎ কখন যাবে। সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ডিজিটাল যুগে স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহার শুরু হলে বিদ্যুতের সাশ্রয় হবে। সেই সঙ্গে বিদ্যুৎ চুরি রোধ করা সম্ভব হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, মানুষ আগে বিদ্যুতের ব্যবহার করেছে। পরে বিল পরিশোধ করেছে। এতে অনেকেরই বিদ্যুৎ বিল বকেয়া থাকছে। বিশেষ করে দিনাজপুর পৌরসভার প্রায় ১২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এই মিটার স্থাপনের পর গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের আগেই বিল পরিশোধ করবে। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং মানুষ সচেতন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে।/

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আবু তৈয়ব আলী, স্মার্ট প্রি-পেইড মিটার প্রকল্পের পরিচালক মাহাবুবুল আলম প্রমুখ।