দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মোস্তাফিজুর রহমান (৭২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মাস্টার বিন্নাগাড়ি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর নেওয়াজ আহম্মেদ জানান, মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁর শরীরে জ্বর, গলাব্যথা, নিউমোনিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। শনিবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন তিনি। রোববার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের দিনাজপুর জেলার একটি স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় লাশ দাফন করা হবে। ওই ব্যক্তির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন করোনা শনাক্ত ১১ জন
দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সোহেল পারভেজ, তাঁর অফিস সহায়কসহ ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা–আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস।

সোহেল পারভেজ জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই অফিস চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। আজ সকালে নমুনা পরীক্ষা থেকে তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তাঁর অফিসসহ আশপাশের তিনটি কক্ষ লকডাউন করা হয়েছে।

এ জেলায় সবচেয়ে বেশি করোনা পজিটিভ হয়েছেন সদর উপজেলায় ১১৯ জন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন হাকিমপুর উপজেলায় ৫ জন। এ ছাড়া বিরল উপজেলায় ৩৭, বোচাগঞ্জে ১১, কাহারোলে ১৩, বীরগঞ্জে ১৯, খানসামায় ২২, চিরিরবন্দরে ৩৬, পার্বতীপুরে ৩৪, ফুলবাড়িতে ১৪, বিরামপুরে ৩২, নবাবগঞ্জে ২৫ ও ঘোড়াঘাট উপজেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩১। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪৪ জন।