দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টা ৪৫ মিনিটে স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর স্টেশনমাস্টার মো. রফিক চৌধুরী। তিনি বলেন, ভোররাত ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে যায়। এ সময় মাজেদা বেগম ওই ট্রেনের লাইন পাড় হচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন মাজেদা বেগম। অসুস্থতায় কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। সকালে স্টেশন থেকে লোকজনের ফোন পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে হিলি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়কোবাদ হোসেন জানান, কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।