দিনাজপুরে তরুণের লাশ উদ্ধার, বন্ধুদের সন্দেহ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের মাতাসাগর দিঘির উত্তর-পশ্চিম দিক থেকে মোহন মণ্ডল (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা, বন্ধুরা তাঁকে খুন করেছেন।

মোহন মণ্ডলের বাড়ি দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ি মাস্টারপাড়া এলাকায়। তিনি বাসের চালকের সহকারী ছিলেন।

নিহতের বড় ভাই মিলন মণ্ডল বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন মোহন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। তাঁর মুখের ডান দিকের অংশ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, তাঁর ভাই মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করেন, এমন কয়েকজনের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। তাঁরাই তাঁকে খুন করে থাকতে পারেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে তাঁর মুখে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বন্ধুদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মোহনের নামে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।