দিনাজপুরে নালা থেকে নিখোঁজ গরু ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিখোঁজ হওয়ার সাত দিন পর খাদেমুল ইসলাম (৭০) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় পৌর শহরের পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির টিউবওয়েলের নালা থেকে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদেমুল ইসলাম পৌর শহরের পূর্বপাড়া এলাকার সুজার উদ্দিনের ছেলে। খাদেমুল জেলার বিভিন্ন হাটে গরু কেনাবেচা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান খাদেমুল। তারপর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে পরের দিন বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর অনুসন্ধানে নামে বিরামপুর থানা-পুলিশ। আজ বিকেলে খাদেমুলের বাড়িতে তদন্তে আসে পুলিশের একটি দল। সেখানে টিউবওয়েলের নালার পাশে বালুভর্তি বস্তার পাশ থেকে বিকট গন্ধ পান পুলিশ সদস্যরা। পরে সন্দেহ হলে ওই স্থান থেকে বস্তা সরানো হলে বস্তাবন্দী অবস্থায় খাদেমুলের লাশ পাওয়া যায়। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা খাদেমুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছিল। তাঁর সন্ধানে তদন্তে নেমে আজ নিহতের বাড়িতে যান তাঁরা। পরে বাড়ির পাশে টিউবওয়েলের নালা থেকে বস্তাবন্দী অবস্থায় খাদেমুলের লাশ উদ্ধার করা হয়।
সুমন কুমার মহন্ত আরও বলেন, নিহত খাদেমুল বড় ব্যবসায়ী ছিলেন না। ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে বা জমিজমার বিরোধে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।