দিনাজপুরে ফুটপাত থেকে সরানো হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এর আগে কয়েকবার নোটিশ দেওয়াসহ ফুটপাতের অস্থায়ী স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে মাইকে প্রচারণা চালানো হয়েছিল। তারপরও দোকানপাট সরানো হয়নি। অবশেষে আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরীর উপস্থিতিতে শহরের কালীবাড়ি মোড় থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে উপজেলা কার্যালয়, ভূমি অফিস, পৌরবাজারে যাতায়াতের রাস্তার দুপাশের দোকানপাট চায়ের দোকান সরিয়ে দেওয়া হয়েছে।

পৌর সচিব বলেন, চলাচলের রাস্তা দখল করে দোকানপাট বসানোয় রাস্তাগুলো সরু হয়ে গেছে। পথচারীসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। নোটিশ দিয়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে। কেউ কথা শুনছেন না। এ কারণে পৌরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আজ বেলা ১১টার দিকে পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরীর উপস্থিতিতে শহরের কালীবাড়ি মোড় থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর রহমান, পারভেজ হোসেন, আবদুল মজিদ, আতাউর রহমান, রেবেকা সুলতানা, তনজু আরা প্রমুখ।