দিনাজপুরে বাস চলছে অর্ধেক, যাত্রীও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুটের কথা জানিয়ে যাত্রী ডাকছেন বাস চালকের সহযোগী। আজ দুপুরে দিনাজপুর বাস টার্মিনালের দিনাজপু-হিলি কাউন্টারে
ছবি: প্রথম আলো

সারা দেশের মতো দিনাজপুরেও গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার মির্জাপুর বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল শুরু করেছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ বাস চলাচল শুরু হলেও তুলনামূলকভাবে যাত্রীসংখ্যা কম দেখা গেছে।

দিনাজপুর বাস মিনিবাস মালিক সমিতির তথ্যমতে, জেলা থেকে প্রতিদিন ৩৩২টি বাস বিভিন্ন রুটে চলাচল করে। সরকারি ঘোষণা অনুযায়ী অর্ধেক বাস চলাচল করার কথা থাকলেও শিডিউল অনুযায়ী আজ ১৩৮টি বাস চলছে। তবে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যাত্রী না বাড়লে দু-এক দিনের মধ্যে সড়কে বাসের সংখ্যা আরও কমে যাবে।

সড়কে বাসের চেয়ে ইজিবাইক ও অবৈধ তিন চাকার বাহনে (স্থানীয়ভাবে ‘পাগলু’ নামে পরিচিত) বেশি মানুষ চলাচল করতে দেখা গেছে।

আজ দুপুরে টার্মিনাল চত্বর ঘুরে দেখা যায়, বেলা ২টা পর্যন্ত দিনাজপুর-বোচাগঞ্জ-পীরগঞ্জ রুটে ২১টি, দিনাজপুর-হিলি রুটে ১৫টি, দিনাজপুর-বগুড়া রুটে ১০টি, দিনাজপুর-পঞ্চগড় রুটে ১৬টি ও দিনাজপুর-সৈয়দপুর-রংপুর রুটে ৩৯টি বাস ছেড়ে গেছে। বাসের কর্মচারীরা যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করে তাঁদের গাড়িতে যাত্রী ওঠাচ্ছেন। তবে অধিকাংশ গাড়িতেই বেশির ভাগ আসন খালি থাকতে দেখা গেছে।

দিনাজপুর-রংপুর রুটের টিকিট মাস্টার মো. কবির হোসেন বলেন, এই রুটে অধিকাংশ গাড়িই ৪০ সিটের। সকাল ৭টা থেকে ৩৯টি বাস ছেড়ে গেছে। কোনো গাড়িতেই ১০-১২ জনের বেশি যাত্রী হয়নি। প্রথম ট্রিপে মাত্র একজন যাত্রী ছিল। পরের ট্রিপে ৩ জন আর সর্বশেষ ট্রিপে ১১ জন যাত্রী যাচ্ছেন।

অনেকদিন বন্ধ থাকার পর আজ থেকে বাস চলাচল শুরু হলেও যাত্রীর তেমন চাপ ছিল না
ছবি: প্রথম আলো

পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বাসের সুপারভাইজার মজনু রহমান বলেন, ‘কাউন্টারে মাত্র ছয় যাত্রীর বুকিং ছিল। রাস্তায়ও যাত্রী তেমন পাইনি। এক ট্রিপ মারলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পাই। সেখানে দুই হাজার টাকাও ভাড়া পাইনি আজকে।’

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়ম মেনে বাস চলাচল করছে। এমনিতেই যাত্রী কম। বেশি বাস চলাচল করলে বাসমালিকেরাই লোকসানে পড়বেন।
সাহেদ রিয়াজ চৌধুরী, দিনাজপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি

সড়কে বাসের চেয়ে ইজিবাইক ও অবৈধ তিন চাকার বাহনে (স্থানীয়ভাবে ‘পাগলু’ নামে পরিচিত) বেশি মানুষ চলাচল করতে দেখা গেছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদ রিয়াজ চৌধুরী বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়ম মেনে বাস চলাচল করছে। এমনিতেই যাত্রী কম। বেশি বাস চলাচল করলে বাসমালিকেরাই লোকসানে পড়বেন। প্রায় অর্ধেক গাড়িই তো আজকে বের হয়নি।

রাস্তায় অনুমোদনহীন ‘পাগলু’ ও ইজিবাইক বেড়ে যাওয়ায় বাসের যাত্রী কমেছে বলে মনে করেন সাহেদ রিয়াজ চৌধুরী। মহাসড়কে চলতে এগুলো বাহনের ওপর নিষেধাজ্ঞা জারি না হলেও বাস ও মিনিবাসের মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। অর্ধেক বাস চলাচলের বিষয়টি তাঁরা নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করছে। মাঠে পুলিশ সদস্যরাও রয়েছেন। স্বাস্থ্যবিধিসহ অন্যান্য বিষয়ে নজরদারি করা হচ্ছে।