দিনাজপুরে মাস্ক না পরলে হাতকড়া

দিনাজপুরে মাস্ক পড়তে বাধ্য করতে পুলিশের বিশেষ অভিযান। দিনাজপুর শহরের মডার্ণ মোড় এলাকা থেকে তোলা
প্রথম আলো

করোনার বিস্তার ঠেকাতে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে বাধ্য করতে এবার কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর পুলিশ। উপযুক্ত কারণ ছাড়া বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে এবং মাস্ক পরিধান না করলে লাগানো হচ্ছে হাতকড়া। নিয়ে যাওয়া হচ্ছে থানাহাজতে।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মডার্ন মোড়, গণেশতলা, মালদহপট্টি, হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারে জেলা পুলিশের অভিযান চলে। এ সময় ১৫ থেকে ২৫ বছর বয়সী ১২ কিশোর-তরুণকে আটক করে থানাহাজতে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযানকালে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাসহ মাস্ক বিতরণ করা হয়। এ সময় দোকানমালিকদের প্রতি বিশেষ নির্দেশনা দেন পুলিশ সদস্যরা।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ১৫ থেকে ২৫ বছর বয়সী ১২ কিশোর-তরুণকে আটক করে থানাহাজতে নিয়ে যাওয়া হয়।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন প্রমুখ।

পরে বেলা তিনটার দিকে আটক কিশোর-তরুণের অভিভাবকদের থানায় ডাকা হয়। আর কখনো মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হবে না এবং প্রতিদিন ১০ জনকে মাস্ক পরার কথা বলবে এমন মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

দিনাজপুরে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পুলিশের বিশেষ অভিযান। দিনাজপুর শহরের গণেশতলা এলাকায় গুলশান মার্কেট থেকে তোলা
প্রথম আলো

অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম বলেন, দিনাজপুরে করোনা সংক্রমণের হার চলতি মাসের শুরু থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে সদর উপজেলায় সংক্রমণের হার বেশি। মানুষ স্বাস্থ্যবিধির বিষয়টি তোয়াক্কা করছে না। পুলিশ বিভিন্ন সময়ে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কাজ করে আসছে। এবার কঠোর অবস্থানে যাবে পুলিশ। আজ থেকে রাত আটটার পর শহরের অলিগলিতে, রাস্তার মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করা হবে। আইন মানাতে পুলিশ কঠোর হবে।