দিনাজপুরে শিশুকন্যাসহ মা-বাবার রহস্যজনক মৃত্যু
ভালোবেসে পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন রামকৃষ্ণ সরকার (৩২) আর স্বপ্না সরকার (২৬)। তিন বছর ছয় মাস আগে তাঁদের ঘরে আসে শিশুকন্যা ভূমি। কিন্তু আর্থিক অনটন আর সামনে এগোতে দিল না পরিবারটিকে। দুর্গাপূজার সপ্তমীর দিন গতকাল বুধবার সকালে দিনাজপুর শহরের রাজবাড়ীর গুঞ্জাবাড়ী এলাকার ভাড়াবাড়িতে মেলে তিনজনেরই মরদেহ।
পুলিশ বলছে, স্ত্রী ও শিশুকন্যাকে বিষপান করিয়ে রামকৃষ্ণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তঁাদের ধারণা। তবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের ধারণা, স্বপ্না ও ভূমিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রামকৃষ্ণের শ্বশুর অজিত মহন্ত প্রথম আলোকে জানান, স্বপ্না তাঁর একমাত্র মেয়ে। রামকৃষ্ণর পৈতৃক বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়ধাম গ্রামে। স্বপ্নার সঙ্গে রামকৃষ্ণের খুব ভালো বোঝাপাড়া ছিল। এবারের পূজা উপলক্ষে সবার জামা-কাপড় কিনে দিয়েছিলেন রামকৃষ্ণ। কিন্তু কয়েক দিন আগে স্বপ্না হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর জরায়ুতে ক্যানসার ধরা পড়ে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ নিয়ে রামকৃষ্ণ তাঁকে ফোন করে অনেক কান্নাকাটিও করেন। অজিত বলেন, ‘আমরা তাঁদের সাহস ও সান্ত্বনা দিয়েছিলাম। কিন্তু সব বিফলে গেল।’
রামকৃষ্ণের পরিবারের ভাড়াবাড়ির পাশেই থাকেন বিমল রায় (৩৭)। তিনি জানালেন, গত মঙ্গলবার ষষ্ঠীর রাতে স্ত্রী স্বপ্না ও শিশুকন্যা ভূমিকে নিয়ে শহরের বিভিন্ন পূজামণ্ডপে ঘুরেছেন রামকৃষ্ণ। মা দুর্গাকে প্রণাম-ভক্তি জানিয়ে অনেক রাতে বাড়ি ফেরেন তাঁরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্বপ্নার ছোট ভাই পিন্টু মোহন্ত আসেন বোনের বাড়িতে। কিন্তু অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। পরে প্রতিবেশীদের ডাক দেন। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, মেঝেতে বিছানায় পড়ে আছে স্বপ্না ও ভূমির নিথর দেহ। আর ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলছে রামকৃষ্ণের মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে প্রথমে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রামকৃষ্ণ যে বাড়িতে ভাড়া থাকতেন, তার মালিক মো. মকসেদ আলী (৩৫) জানালেন, রামকৃষ্ণ বিয়ে করার পর থেকে গত পাঁচ বছর গুঞ্জাবাড়ী এলাকাতেই ছিলেন। মানুষ হিসেবে তিনি খুবই ভালো। স্থানীয় বটতলী বাজারে ওষুধের দোকান চালাতেন। এক হাজার টাকা দিতেন বাড়িভাড়া। অবশিষ্ট যা থাকত, তা দিয়ে তিল তিল করে গড়ে তুলছিলেন সংসার। ঘরে বক্স খাট, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সবই ছিল। কিন্তু ব্যবসায় অবনতি ঘটায় ছয় মাস আগে দোকান বন্ধ করে দেন রামকৃষ্ণ। এর পর থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ দোকানে দোকানে কমিশনে বিক্রি করে বেড়াতেন।
প্রতিবেশী বিশ্বজিত বর্মণ (৩০) জানান, অভাবের সংসার সামলাতে স্থানীয় বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিলেন রামকৃষ্ণ ও স্বপ্না। তবে কোনোমতেই তা শোধ করতে পারছিলেন না তাঁরা। ফলে ঘরের সব জিনিসপত্র একে একে বেচতে বাধ্য হন। সর্বশেষ মাত্র পাঁচ দিন আগে শেষ সম্বল বক্স খাটটিও পাঁচ হাজার টাকায় তাঁর কাছে বিক্রি করে দেন রামকৃষ্ণ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রী ও শিশুকন্যাকে বিষপান করিয়ে রামকৃষ্ণ ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী চিকিৎসক আমির উদ্দিন বলেন, গলায় ফাঁস লাগানোর কারণেই রামকৃষ্ণর মৃত্যু হয়েছে। কিন্তু বিষপানে তাঁর স্ত্রী স্বপ্না ও শিশুকন্যা ভূমির মৃত্যু হয়েছে, এমন প্রমাণ মেলেনি। শ্বাসরোধ হয়ে এই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন। মরদেহের ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
রামকৃষ্ণর বাবা-মা কেউ বেঁচে নেই। তাই ময়নাতদন্ত শেষে রামকৃষ্ণ, স্বপ্না ও ভূমি তিনজনের মরদেহ গতকাল স্বপ্নার বাবা অজিত মহন্তের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে সদর উপজেলার রাজাপুকুর গ্রামের পাশে কাঁকড়া নদীর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।