দিনাজপুরে সপ্তাহে শনাক্ত কমেছে ১০ শতাংশ
দিনাজপুরে দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিন থেকে কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ২৩। আগের দিন ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৯। এক সপ্তাহে জেলায় শনাক্তের হার কমেছে ১০।
জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে ২২ জুন সপ্তাহব্যাপী দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করা হয়। আজ শনিবার লকডাউনের পঞ্চম দিন। এর আগে প্রথম দফা লকডাউনের শেষ দিন ২১ জুন জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৮০। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে জেলায় শনাক্তের হার ছিল ৪৪, দ্বিতীয় দিনে ৪৮ দশমিক ৭৮, তৃতীয় দিনে ৪৮ দশমিক ২০, চতুর্থ দিনে ৩৯, সর্বশেষ আজ শনিবার শনাক্তের হার ৩৮ দশমিক ২৩। এক সপ্তাহে জেলায় শনাক্ত কমেছে ১০ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে কারও মৃত্যু হয়নি। শনিবার পর্যন্ত জেলায় করোনায় ও করোনা উপসর্গে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জন করোনায়, অন্য ২৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। মে মাসে করোনায় মৃত্যু হয়েছিল সর্বোচ্চ ১৮ জনের। এপ্রিলে ৮ ও মার্চে ৩ জনের মৃত্যু হয়। শনিবার পর্যন্ত জেলায় ৪৬ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১ হাজার ৭৫১ জন। হাসপাতালে ভর্তি ১১২ জন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, দুদিন ধরে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। আরটি–পিসিআর ল্যাবের পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায়ও জোর দেওয়া হয়েছে। আরও কয়েক দিন যদি এভাবে সংক্রমণ কমতে থাকে, তাহলে বুঝতে হবে লকডাউনের প্রভাবে জনসমাগম এড়ানোর কারণে উপকার পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা ও জনসমাগম এড়িয়ে চলার কোনো বিকল্প নেই।