দিনাজপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি
দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটে। প্রসূতির স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত নবজাতকের খোঁজ মেলেনি। পুলিশ হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।
ওই প্রসূতির নাম মোছা. জায়েদা বেগম (৩৫)। তিনি চিরিরবন্দর উপজেলার আবদুল লতিফের স্ত্রী। গত রোববার বিকেলে প্রসবব্যথা উঠলে তাঁকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করতে নিয়ে যান তাঁর বোন হাজেরা বেগম।
হাজেরা বেগম বলেন, গতকাল সকাল পৌনে নয়টার দিকে তাঁর বোনের একটি মেয়েসন্তান হয়। বেলা তিনটার দিকে তিনি বোনকে শৌচাগারে নিয়ে যান। এ সময় পাশে থাকা এক নারী নবজাতক মেয়েকে তাঁর কাছে রেখে যেতে বলেন। তাঁরা ওই নারীর কোলে নবজাতককে দেন। শৌচাগার থেকে ফিরে ওই নারীকে আর দেখতে পাননি। নবজাতককেও পাননি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা বলেন, চুরির ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
প্রসূতির স্বজনদের কাছ থেকে জানা গেছে, মোছা. জায়েদা বেগমের আগে তিনটি মেয়েসন্তান আছে। গতকাল চতুর্থ মেয়ের জন্ম হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম বলেন, এ চুরির ঘটনার সঙ্গে যুক্ত বোরকাপরা এক নারী। পুলিশ মোটামুটিভাবে ওই নারীকে শনাক্ত করতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।