দিনাজপুরের চেহেলগাজী ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলা

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার রাতে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. সামসুল আযম নির্বাচন স্থগিত ঘোষণা করে প্রার্থীদের চিঠি দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ঋণখেলাপি—এমন অভিযোগে ৫ জানুয়ারি তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের রিট করেন করেন ইউনিয়নের বাসিন্দা মোকলেসুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে হাইকোর্ট আনিসুর রহমানকে ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত করে প্রার্থিতা বাতিলের আদেশ দেন।

হাইকোর্টের আদেশের অনুলিপি রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজল। তিনি বলেন, যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, সে ক্ষেত্রে একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় ইভিএম থেকে ওই প্রার্থীর প্রতীক সরানো সম্ভব নয়। ফলে সব পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের আদেশ পেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ জানুয়ারি। এর মধ্যে চেহেলগাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান, আওয়ামী লীগের নৌকা আবুল কাশেম ও স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজুল হক।

জানতে চাইলে মুঠোফোনে আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাত পোহালেই নির্বাচন। হঠাৎ করে জানতে পারলাম ভোট স্থগিত করা হয়েছে। এটা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত ঋণখেলাপির অভিযোগ সত্য নয়। যেখানে ব্যাংক কর্তৃপক্ষ কিংবা অপর প্রার্থীদের কোনো অভিযোগ নেই, সেখানে একজন সাধারণ ভোটারের রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ উদ্দেশ্যপ্রণোদিত। অন্য প্রার্থীদের নিশ্চিত হার জেনে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে।’