দিনে চার লিটার দুধ দিচ্ছে ২২ মাস বয়সী বাছুর ‘ময়না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাছুর প্রসবের আগেই বকনা গরুর দুধ দেওয়ার ঘটনা দেখতে উৎসুক মানুষ ভিড় করেছেন কৃষক হায়দার আলীর বাড়িতে। আজ বৃহস্পতিবার নেত্রকোনার পূর্বধলার লক্ষ্মীপুর গ্রামে।
ছবি: প্রথম আলো

গরুটির বয়স হয়েছে ২২ মাস। এখনো কোনো বাছুর প্রসব করেনি। কিন্তু এরই মধ্যে দিনে চার লিটার করে দুধ দেওয়া শুরু করেছে। ঘটনা শুনে প্রতিদিন গরুর মালিকের বাড়িতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে। অনেকেই দুধ নিচ্ছেন, কেউ কেউ গরুটি বেশি দাম দিয়ে কিনে নিতে আগ্রহ প্রকাশ করছেন।

‘ময়না’ নামের কালো রঙের ওই বকনা গরুটির মালিক হায়দার আলী (৫২)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একজন কৃষক। এক মাসের বেশি সময় ধরে গরুটি দুধ দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে হায়দার আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর স্ত্রী মদিনা খাতুন একটি লাল রঙের প্লাস্টিকের বালতিতে গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে উৎসুক ১৫-২০ জন ওই বাড়িতে ভিড় করেছেন। সংগ্রহ শেষে দেখা গেল, প্রায় সোয়া দুই লিটার দুধ জমেছে।

মদিনা জানান, তিনি প্রতিদিন সকালে ও বিকেলে দুধ সংগ্রহ করেন। বিকেলেও এই পরিমাণ দুধ সংগ্রহ করেন। এক বেলা দুধ সংগ্রহ না করলে বাছুর গরুটির ওলান ফুলে শক্ত হয়ে যায়। তিনি এক মাস পাঁচ দিন ধরে এভাবে দুধ সংগ্রহ করছেন।

মদিনা আক্তার বলেন, ‘দিনে দুই বার ৪ লিটারের একটু বেশি দুধ খিরাই (ওলান থেকে হাতে দুধ সংগ্রহ)। প্রথম প্রথম মাইনসেরা মাগনা দিতাম। গত ২ সপ্তাহ ধইরা ২ লিটার ৮০ টাকা লিটার করে রুজিনা (নির্দিষ্ট ক্রেতা) বাড়িত দিয়া আসি। আর দুই লিটার বাড়িত রাইখ্খা মাইনসের কাছে বেচি। একটু যা থাকে তা আমরা খাই।’

বিষয়টি নিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি হয়, তবে খুবই কদাচিৎ। আমার চাকরি জীবনে এটি প্রথম দেখলাম। হরমোনের কারণে এমনটা হয়। অক্সিটোসিন বা অন্য হরমন যদি বেড়ে যায়, তাহলে বকনা গরু থেকে দুধ আসতে পারে। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই দুধ কিন্তু আবার পুরোপুরি স্বাস্থ্যসম্মত। যে কেউ খেতে পারে।’

কৃষক হায়দার আলী জানান, তিনি একজন গরিব কৃষক। সামান্য যেটুকু জমি আছে, তা চাষাবাদ করে সংসার চালান। পরিবারে স্ত্রী ছাড়াও তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেরা আগে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। এখন করোনার প্রভাবে ছয় মাস ধরে বাড়িতে। তিন মেয়ের মধ্যে আবেদা খাতুন ষষ্ঠ ও জোবেদা পঞ্চম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে মাইসা আক্তারের বয়স আড়াই।
হায়দার আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি গাভি পালন করছেন। দুই বছর আগে একটি বিদেশি জাতের গাভি এই বাছুরটিসহ ৮০ হাজার টাকা দিয়ে কিনে আনেন। পরে তাঁর মেজ মেয়ে বাছুরটির নাম রাখে ‘ময়না’। চার মাস আগে গাভিটি আরেকটি বাছুর জন্ম দিলে তিনি ১ লাখ ১৫ হাজার টাকায় সেটি বিক্রি করে দেন। আর ময়না নামের বাছুরকে লালনপালন করে আসছেন। মাসখানেক আগে সেটিকে গোসল করাতে গেলে গরুটির ওলান ফোলা দেখে ধারণা করেন, এর ওলানে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম দুদিন এক লিটার দুধ পান তিনি। এখন চার লিটার, কখনো সাড়ে চার লিটার দুধ সংগ্রহ করেন।

বকনা গরুর দুধ দেওয়ার খবর পেয়ে খলিশাউড় গ্রাম থেকে এসেছেন আমিনুল ইসলাম নামের এক যুবক। তিনি বলেন, ‘সাধারণত যে গাভির বাচ্চা হয়, সেই গাভিই দুধ দিয়ে থাকে। এটা ছোট থেকেই জেনে ও দেখে আসছি। কিন্তু বাছুর ছাড়া বকনা গরু দুধ দেয়, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। বিষয়টি শুনে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। এখন বাস্তবে দেখে ভুল কেটেছে।’