দিনে সন্তানদের দেখভাল করে রাতে অটোরিকশা চালাতে গিয়ে চালক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রাজা (৫০) নামের এক চালককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজা মাসদাইর কাজীবাড়ি এলাকার বাসিন্দা।
নিহত চালকের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে রাজার স্ত্রী মারা যান। দিনে সন্তানদের দেখাশোনা করেন তিনি। এ কারণে তিনি দিনে অটোরিকশা চালাতে পারেন না, রাতে গাড়ি নিয়ে বের হন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, রাতে ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়া পথে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।