দিনে ৩০ লাখ টাকা ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন ধরে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ ঝুলন্ত সেতু ডুবে গেছে। লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। গতকাল দুপুরে তোলা ছবি l সুপ্রিয় চাকমা
দুই দিন ধরে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ ঝুলন্ত সেতু ডুবে গেছে। লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। গতকাল দুপুরে তোলা ছবি l সুপ্রিয় চাকমা

ভয়াবহ পাহাড়ধস রাঙামাটির পর্যটনশিল্পকে বড় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সড়ক যোগাযোগব্যবস্থা বেহাল হয়ে পড়ায় দুই মাস ধরে রাঙামাটি প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে। রাঙামাটি চেম্বারের হিসাবে, জেলায় পর্যটনের পাঁচটি খাতে দিনে গড়ে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হচ্ছে। খরচ কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই চলছে।

এমনকি পর্যটন খাতের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত থাকা স্থানীয় কয়েকজন উদ্যাক্তা ব্যবসা পাল্টানোর কথাও ভাবছেন। পর্যটন খাতের অনেক কর্মী ইতিমধ্যে পেশা পাল্টেছেন। সব মিলিয়ে রাঙামাটির পর্যটন ব্যবসা এখন ধুঁকছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বিপর্যয় কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেউ তাঁদের পাশে দাঁড়ায়নি।

গত ১৩ জুন পাহাড়ধসের ১৩ দিন পরই ছিল রোজার ঈদ। মূলত ঈদের সময়ই পর্যটকেরা রাঙামাটি ভ্রমণে বেশি আসেন। কিন্তু তখন সড়ক যোগাযোগব৵বস্থা বিধ্বস্ত ছিল। এ ঘটনায় শহরের হোটেল-মোটেলের বুকিং স্বভাবতই বাতিল করেন পর্যটকেরা। এতে বিরাট ক্ষতির শিকার হন পর্যটন ব্যবসায়ীরা। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই কোরবানির ঈদ। কিন্তু রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়িসহ অভ্যন্তরীণ সড়কের অবস্থা এখনো নাজুক। এ অবস্থায় আগামী ঈদেও পর্যটকের সমাগম কতটা ঘটবে, এ নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।

হোটেল-মোটেল, রেস্টুরেন্ট (খাবারের দোকান), টেক্সটাইল (পাহাড়িদের তৈরি কাপড়), নৌযান এবং বিনোদনকেন্দ্রকে (ঝুলন্ত সেতুসহ বিভিন্ন দর্শনীয় স্থান) ঘিরেই মূলত রাঙামাটির পর্যটন খাত। পর্যটক না আসায় এই পাঁচটি খাতের ব্যবসায়ীদের এখন চরম দুর্দিন যাচ্ছে। এ বিষয়ে রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. বেলায়েত হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা জরিপ করেছি, শুধু পাঁচ খাতে গড়ে দৈনিক কমপক্ষে ৩০ লাখ টাকা লোকসান হচ্ছে। পর্যটন খাতে যে লোকসান হচ্ছে, তা অপূরণীয়। এভাবে দীর্ঘ সময় চলতে থাকলে পর্যটন ব্যবসা করতে আর কেউ উৎসাহী হবে না। পর্যটনশিল্পকে বাঁচাতে সরকারেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’

রাঙামাটি শহরে বেসরকারি ৪২টি হোটেল-মোটেল রয়েছে। প্রতিদিন তিন হাজার অতিথি হোটেল-মোটেলে থাকতে পারে। পর্যটকদের সেবা দিতে এসব প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী রয়েছে চার শতাধিক। পর্যটক না থাকায় অর্ধেকের বেশি কর্মী ইতিমধ্যে ছাঁটাই করা হয়েছে বলে মালিক সমিতি সূত্রে জানা গেছে। গত বছর এই সময়ে (জুলাই-আগস্ট) গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ শতাংশ হোটেল-মোটেলের কক্ষ বুকিং থাকত। এখন তা ১০ শতাংশেরও কম।

শহরের হোটেল সুফিয়া কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. সোহেল হাওলাদার বলেন, হোটেলের ১৬ জন কর্মীর মধ্যে ৯ জনকে তিনি ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। ব্যবসা ৯০ শতাংশ কমেছে।

বেসরকারি হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নেছার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে আমাদের। কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছি না। জেলা পরিষদ প্রতিবছর পর্যটন খাতে ৪–৫ কোটি টাকার বাজেট ঘোষণা করে। কিন্তু সেই টাকা বাস্তবে কী কাজে লাগে, বোঝা যায় না। সরকারি সহযোগিতা ছাড়া রাঙামাটির পর্যটনশিল্প পুনরুদ্ধার করা সম্ভব নয়।’ সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কসহ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা এবং সুদমুক্ত ব্যাংকঋণের ব্যবস্থা করা হলে হোটেল-মোটেল মালিকেরা ঘুরে দাঁড়াতে পারবেন।

পর্যটন করপোরেশনের মালিকানাধীন রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের অধীন দুটি হোটেল-মোটেল, ছয়টি কটেজ এবং ঝুলন্ত সেতু রয়েছে। এসব হোটেল-মোটেলে ৮৬টি কক্ষ রয়েছে। গত বছরের জুন ও জুলাই মাসে পর্যটন কমপ্লেক্সের আয় হয় ২৮ লাখ টাকা। ওই দুই মাসে অতিথি ছিল ২৯ হাজার (ঝুলন্ত সেতুর দর্শনার্থীসহ)। এ বছরের জুন-জুলাই মাসে তাদের অতিথি মাত্র ১২ হাজার। এর মধ্যে ঝুলন্ত সেতু দেখতে আসা লোকজনই বেশি।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের পর তাঁদের ৭০ শতাংশ আয় কমেছে। গত দুই মাসে হাতে গোনা কিছু পর্যটক ভ্রমণে এসেছিলেন। তিনি বলেন, পাহাড়ধসের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এখন আর সেই পরিস্থিতি নেই। বৃষ্টিও কমে আসছে। তাঁর আশা, দুর্গাপূজা ও ঈদের ছুটিতে পর্যটকের পদচারণে আবার রাঙামাটি মুখর হবে উঠবে।

রাঙামাটিতে ব্যক্তিমালিকানাধীন পাঁচটি টেক্সটাইল কারখানা রয়েছে। এসব কারখানায় ১৮০ জন কর্মী কাজ করতেন। ৬০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বেচাকেনা কমে যাওয়ায় এসব কারখানার ৭০ শতাংশ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। বেইন টেক্সটাইলের মালিক কৌশিক চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা ৩৫ বছর ধরে টেক্সটাইল ব্যবসা করে আসছি। এত খারাপ অবস্থা আগে কখনো হয়নি। ৭০ শতাংশ ব্যবসা কমে গেছে। যে কারণে সব কারখানায় কর্মী ছাঁটাই হচ্ছে।’

পর্যটকদের ওপর নির্ভরশীল রাঙামাটি শহরের তবলছড়ি সিদ্ধি ভবন টেক্সটাইল মার্কেটের অবস্থাও একই। সেখানে ২৫টি দোকান রয়েছে। এসব দোকানে ৮০ জন কর্মচারীর মধ্যে এখন আছেন মাত্র ৪৫ জন।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঘাটে পর্যটকদের ভ্রমণের জন্য স্পিডবোটসহ বিভিন্ন ধরনের ৯৫টি নৌযান রয়েছে। এসব নৌযান পরিচালনায় যুক্ত ১২০ জন কর্মী। পর্যটক না আসায় নৌযান ভাড়া হচ্ছে না। ইতিমধ্যে ৮০ কর্মী অন্য কাজ খুঁজে নিয়েছেন।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ইঞ্জিনচালিত নৌযানের চালকেরা। নৌযানগুলো ঘাটে অলস পড়ে আছে। দিনে গড়ে তিন-চারটির বেশি নৌযান ভাড়া হয় না। অথচ পাহাড়ধসের আগে একজন নৌযানচালক দিনে ৫০০–৬০০ টাকা আয় করতেন। নৌকা ভাড়া না হলে চালকেরা কোনো টাকা পান না। ফলে দীর্ঘদিন তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ করায় তারা নৌযানচালকদের জন্য ১ হাজার ২০০ কেজি চাল সহায়তা দেয়। এখন বেশির ভাগ নৌযানচালক অন্য পেশায় চলে গেছেন।

পর্যটন খাতে এ বছর রাঙামাটি জেলা পরিষদের বাজেটে ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকা বিভিন্ন পর্যটন স্পটের সংস্কার, প্রচারণা ও পর্যটন দিবসকে ঘিরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে জন্য বরাদ্দ করা হয় বলে প্রথম আলোকে জানান জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেন, পর্যটন খাত জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে এর কোনো কার্যক্রম নেই। জেলা পরিষদের বরাদ্দ নিয়ে পর্যটনের উন্নয়ন করা সম্ভব নয়।