দিন-দুপুরে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠান থেকে ব্যাংকের দূরত্ব ৫০ গজের মতো। দুটি ব্যাগে ৩৩ লাখ ২৭ হাজার টাকা নিয়ে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা হেঁটে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু ব্যাংকের ১০-১২ গজ আগে তাঁদের একজনকে গুলি করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রাজধানীর বড় মগবাজারে গতকাল রোববার দিন-দুপুরে এই ছিনতাই হয়। টাকাগুলো ছিল বড় মগবাজারের আউটার সার্কুলার রোডে অবস্থিত ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের। ছিনতাইকারীদের গুলিতে আহত প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ কর্মকর্তা সেলিম আকতারকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, বেলা দেড়টার দিকে সেলিম প্রতিষ্ঠানের আরেক হিসাবরক্ষণ কর্মকর্তা পিন্টু রঞ্জন দাসকে নিয়ে আউটার সার্কুলার রোডের একটি বেসরকারি ব্যাংকে ৩৩ লাখ ২৭ হাজার টাকা জমা দিতে হেঁটে যাচ্ছিলেন। টাকাগুলো ছিল দুটি চামড়ার ব্যাগে। ২০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিল পিন্টুর হাতে। বাকি টাকাভর্তি ব্যাগটি ছিল সেলিমের হাতে। তাঁরা কথা বলতে বলতে ব্যাংক থেকে ১০-১২ গজ দূরে পৌঁছালে পাঁচ-ছয়জন যুবক তাঁদের গতিরোধ করেন। তাঁরা সেলিমকে ধরে তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি ব্যাগ শক্ত করে ধরে রাখলে যুবকদের একজন তাঁকে গুলি করেন। গুলি তাঁর বাঁ ঊরুতে বিদ্ধ হলে তিনি ব্যাগটি ছেড়ে দেন।
সেলিমের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা দেখে পিন্টু ভয়ে দৌড়ে নিজেদের কর্মস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ভারসাম্য রাখতে না পারায় তাঁর হাতে থাকা ব্যাগটি রাস্তায় পড়ে যায়। ব্যাগটি উঠাতে গেলে যুবকেরা তাঁকে ধাওয়া দিয়ে গুলি করেন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তিনি ভয়ে পাশেই থাকা একটি প্রাইভেট কারের আড়ালে গিয়ে লুকান। এরপর ওই যুবকেরা রাস্তা থেকে ওই ব্যাগটিও তুলে দৌড়ে গলির ভেতরের দিকে চলে যান।
বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, র্যা ব ও পুলিশের কর্মকর্তারা পিন্টুসহ আশপাশের বিভিন্নজনের সঙ্গে কথা বলে ঘটনার ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। তখনো আতঙ্কে হাত কাঁপছিল পিন্টুর। অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কগ্রস্ত দেখা যায়। সেখানেও র্যা ব-পুলিশের কর্মকর্তারা গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
পিন্টু প্রথম আলোকে বলেন, ওই যুবকদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। কেউই মুখোশ পরা ছিল না। গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। ফলে ওই যুবকেরা দৌড়ে নির্বিঘ্নে তাঁদের প্রতিষ্ঠানের সামনে দিয়েই চলে যায়।
অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা জানান, তাঁরা বিভিন্ন ওষুধের দোকানে ওষুধ সরবরাহ করেন। প্রতিদিন ওষুধ সরবরাহ করে যে টাকা সংগ্রহ হয় তা প্রতিদিন ব্যাংকেই জমা দেওয়া হয়। গত বৃহস্পতিবার ও শনিবার যে টাকা সংগ্রহ করা হয়েছে, তা গতকাল জমা দিতেই ব্যাংকে যাচ্ছিলেন সেলিম ও পিন্টু। তাঁদের ধারণা, এই ছিনতাই পূর্বপরিকল্পিত।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।