দীঘিনালা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপিডিএফ নেতা মিলন চাকমার মৃত্যুর জেরে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে শান্তি পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় আজ দীঘিনালা থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। আজ দীঘিনালা-বাবুছড়া সড়কের পুকুরঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ, প্রসীত খীসা) উপজেলা সংগঠক মিলন চাকমার (৪৮) মৃত্যুর জের ধরে আজ বুধবার দীঘিনালা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে তিনি মারা যান। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ আজ সকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বাবুছড়া কেয়াংঘাট এলাকায় তাঁকে দাহ করা হয়।

আজ দীঘিনালা-বাবুছড়া সড়কে কোনো যান চলাচল করেনি। সকালে উপজেলা সদর থেকে বাবুছড়া নতুনবাজার পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক সরেজমিন দেখা গেছে, উপজেলার নারকেলবাগান থেকে উদালবাগান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত দোকানপাট ও হাটবাজার বন্ধ রয়েছে। সড়কে কোনো যানবাহন নেই। সড়কের কোনো কোনো স্থানে গাড়ির ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় যাতায়াত করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বানছড়া আনন্দময় এলাকায় সড়কের পাশে কাচ ভাঙা অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কের পাশে বসে থাকা কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল মঙ্গলবার বিকেলে গাড়ির কাচ ভেঙে গাড়ির চাবি নিয়ে গেছে অজ্ঞাতনামা যুবকেরা। গাড়িটি লক হয়ে যাওয়ায় সেটি সরানো সম্ভব হচ্ছে না। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

বড়াদম বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা নেই। স্থানীয় পাহাড়ি দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংগঠনের (ইউপিডিএফ, প্রসীত খীসা) পক্ষ থেকে দোকান খুলতে নিষেধ করায় কেউ দোকান খোলেননি।

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ নেতা মিলন চাকমার মৃত্যুর ঘটনায় বড়াদম বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। আজ সকালে বড়াদম বাজারে
ছবি: প্রথম আলো

পুকুরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, গতকাল সন্ধ্যায় যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন দেওয়া শান্তি পরিবহনের বাবুছড়া থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৪-১০৪১ নম্বরের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আছে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মিন্টু চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় শান্তি পরিবহনের বাস পুড়িয়ে দেওয়ার পর আজ দীঘিনালা, রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু উপজেলা থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। দীঘিনালা অটো টেম্পো মালিক সমিতির সভাপতি সুমন চাকমা প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধ ছিল। দুপুর থেকে সব সড়কেই যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কথা বলার জন্য ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দুটি মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তবে গতকাল সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মিলন চাকমাকে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম পেয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ দেননি। উপজেলায় সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ নেতা মিলন চাকমার মৃত্যুর ঘটনায় দীঘিনালা-বাবুছড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে বুধবার উত্তর বড়াদম এলাকায়
ছবি: প্রথম আলো

গতকাল সকালে বাবুছড়া ইউনিয়নের বাঁশঢালা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউপিডিএফের সংগঠক মিলন চাকমাকে আটক করে। এ সময় তিনি অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সকাল ৯টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আটকের সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চারটি গুলি, তিনটি ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে বাবুছড়া সড়কের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরসহ একটি বাস, একটি ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়।