দীঘিনালায় ইউপিডিএফ নেতাকে ‘গুলি’
খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) পক্ষের নেতা দীপনজ্যোতি চাকমাকে (৪০) দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে দলের কর্মীরা অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে উপজেলার বাঘাইছড়মুখ এলাকার কংসজয় কার্বারিপাড়া এলাকায়।
গুলিবিদ্ধ দীপনজ্যোতি চাকমা উপজেলার দক্ষিণ হাচিনসনপুর এলাকার দীপংকর চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের জনসংযোগের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় ইউপিডিএফ নিন্দা জানিয়েছে।
ইউপিডিএফ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে দীপনজ্যোতি চাকমা দলের কয়েকজনকে নিয়ে কংসজয় কার্বারিপাড়ায় একটি বাড়িতে সাংগঠনিক বৈঠক করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে দলের অন্য কর্মীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা প্রথম আলোকে বলেন, ‘শুনেছি সাংগঠনিক বৈঠকের সময় দীপনজ্যোতি চাকমাকে গুলি করা হয়েছে। তবে তিনি মারা যাননি। তাঁকে সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম পেয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে সত্যতা পাননি।