দীঘিনালায় ইউপিডিএফের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের প্রসীত খীসাপক্ষের সাবেক সদস্য অমর জীবন চাকমাকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়াদম পূর্ব খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে।

আজ সকালে উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে পূর্ব খামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ধানের জমির মধ্যে হাত ও মুখ বাঁধা অবস্থায় অমর জীবন চাকমার লাশ পড়ে আছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, অমর জীবন চাকমা একসময় ইউপিডিএফের প্রসীত খীসাপক্ষের সক্রিয় কর্মী ছিলেন। ২ নম্বর নোয়াপাড়া গ্রামের করুণা চাকমাকে বিয়ে করে সংগঠন ছেড়ে হাটবাজারে সবজির ব্যবসা করতেন।

নিহত ব্যক্তির ছেলে রনি মরুংয়ের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ঘরে ঢুকে তাঁর বাবাকে ধরে নিয়ে যান। সকলে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারেন।

নিহত ব্যক্তি শ্বশুর বিজয় চন্দ্র চাকমা বলেন, ‘গভীর রাতে আমার জামাতাকে কয়েকজন যুবক বাড়ি থেকে ধরে নিয়ে যান। বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে পূর্ব খামারপাড়া এলাকায় নিয়ে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। কী কারণে হত্যা করা হয়েছে, আমরা জানি না।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম পেয়ার আহমেদ একজনকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেন।