দীঘিনালায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের আরোহীর
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মণ চন্দ্র দাশ (৫০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার সুপারিবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মণ চন্দ্র দাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মশালচি পদে কর্মরত ছিলেন। তিনি ওই হাসপাতাল এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে লক্ষ্মণ চন্দ্র দাশ দীঘিনালা থেকে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি জেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে তুষবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মণ চন্দ্র দাশের বন্ধু কিশোর কুমার দে প্রথম আলোকে বলেন, লক্ষ্মণ দুপুরে দীঘিনালায় তাঁর এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সন্ধ্যায় মোটরসাইকেলে করে জেলা সদরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম পেয়ার আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।