দীঘিনালায় তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযান শুরু, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় তামাক চুল্লিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার হাচিনসনপুর এলাকায়
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ৪টি তামাক চুল্লিতে চালানো এ অভিযানে ৪ জন তামাকচাষিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কয়েক শ তামাক চুল্লি রয়েছে। এসব চুল্লিতে প্রতিদিন অবৈধভাবে কয়েক শ মণ কাঠ পোড়ানো হয়। এ ছাড়া জনবসতিপূর্ণ এলাকায় তামাক চুল্লিগুলো স্থাপন করায় তামাক পোড়ানোর (শোধন) গন্ধে এলাকাবাসীকে চরম ভোগান্তি ও অস্বস্তিতে দিন কাটাতে হচ্ছে। এ কারণে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান শুরু করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন, আজ উপজেলার হাচিনসনপুর ও কবাখালী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর দায়ে মো. নূরুল আবসারকে ২৫ হাজার, মো. ইউনুস মিয়াকে ২৫ হাজার, মো. জয়নাল আবেদীনকে ১০ হাজার ও মো. দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কার্যালয়ের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা প্রথম আলোকে বলেন, এ বছর উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। প্রতি হেক্টর জমির তামাক শোধনে একটি চুল্লির প্রয়োজন হয়। সে হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় চার শতাধিক তামাক চুল্লি রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ফাহমিদা মুস্তফা প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ৪টি তামাক চুল্লিতে অভিযান চালিয়ে ৪ চাষিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৪টি পৃথক মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলবে।