দীঘিনালায় শিক্ষা কার্যালয়ের বই পাচারকালে দুই কর্মচারী আটক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের বই পাচারকালে সরকারি দুই কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে তাঁদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। আজ শুক্রবার সকালে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের দাপ্তরিক সহকারী গৌতম চক্রবর্তী (৫৬) ও মাস্টাররোলের কর্মচারী মো. রুবেল (২৬) উপজেলার একটি পরিত্যক্ত ভবন থেকে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই পাচারের জন্য ট্রাকে তুলছিলেন। খবর পেয়ে দীঘিনালার ইউএনও ফাহমিদা মুস্তফা ঘটনাস্থলে এসে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ এ সময় বই পাচারের জন্য আনা একটি ট্রাক জব্দ করা হয় অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
এ ঘটনায় মাধমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে দীঘিনালা থানায় অভিযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, বইয়ের গুদামের চাবি গৌতম চক্রবর্তীর কাছে থাকার সুযোগে তিনি রাতের আঁধারে সরকারি বই পাচারের চেষ্টা করেছিলেন।
ফামিদা মুস্তফা বলেন, রাতের আঁধারে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই পাচারের খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারীকে আটক ও একটি ট্রাক জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারি বই পাচারের অভিযোগে আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।