দীঘিনালায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম ছাদকছড়া এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে মেশিনগান, গ্রেনেড, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ ধরা পড়ে এক সন্ত্রাসী।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম ছাদকছড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে রাখা হয়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম। তিনি বলেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজার নেতৃত্বে অভিযান চালানো হয়। গত রোববার রাতে ছাদকছড়ার পাহাড়ে ২৫ জনের মতো সন্ত্রাসী অবস্থান করছে, এমন তথ্য ছিল তাঁদের কাছে। পরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। ভোর পাঁচটার দিকে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি করে। প্রায় এক ঘণ্টা গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ বড়শোভা চাকমা ওরফে নান্টু চাকমাকে আটক করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম বলেন, একটি মেশিনগান, দুটি সাব-মেশিনগান, দুটি এসএলআর, একটি গ্রেনেড, নয়টি ম্যাগাজিন, ২৯২টি গুলি, সেনাবাহিনীর ছয়টি ইউনিফর্ম, আটটি মুঠোফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।