মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের ২৫তম বার্ষিকী আজ (১৪ জুন)। দিনটি এলেই মৌলভীবাজারের কমলঞ্জবাসীকে মনে করিয়ে দেয় সেই ভয়াল স্মৃতির কথা। ১৯৯৭ সালে ১৪ জুন রাতে মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছিল গোটা কমলগঞ্জ।
সেই দিনের আগুনে গ্যাস ফিল্ডসংলগ্ন লাউয়াছড়া সংরক্ষিত বন, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, জীববৈচিত্র, ৩৩ হাজার কেভি বিদুৎ সঞ্চালন লাইন, পার্শ্ববর্তী ফুলবাড়ি চা–বাগান, সিলেট-আখাউড়া রেলপথ ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ব্যাপক ক্ষতি হয়েছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ঘন গভীর বন ও আশেপাশের এলাকার প্রাণিবৈচিত্র্য।
দুর্ঘটনার জন্য দায়ী মার্কিন গ্যাস উত্তোলনকারী সংস্থা অক্সিডেন্টাল কোম্পানি ক্ষয়ক্ষতির নামমাত্র পরিশোধ করলেও ২৫ বছরেও কোনো ক্ষতিপূরণ পায়নি বন বিভাগ। এখনও ফিরে আসেনি প্রাকৃতিক বনের স্বাভাবিকতা। পরবর্তী সময়ে বনের ক্ষতিপূরণ না দিয়েও মার্কিন গ্যাস উত্তোলনকারী সংস্থা ইউনিকল হয়ে সবশেষ এ গ্যাস কূপের দায়িত্বভার পায় শেভরন। শেভরন ২০০৮ সালে এ বনে নতুন করে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ কাজ সম্পন্ন করে।
২০১২ সালে শেভরন মৌলভীবাজার-১৪ নম্বর ব্লকের অধীনে নূরজাহান, ফুলবাড়ি এবং জাগছড়া চা–বাগানের সবুজ বেষ্টনী কেটে নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন করছে। উত্তোলিত গ্যাস চা–বাগান থেকে মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে কালাছড়া হয়ে রশিদপুর গ্রিডে স্থানান্তর করা হচ্ছে। মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ২৫ বছরেও প্রকৃত ক্ষয়–ক্ষতির তালিকা প্রকাশ হয়নি। আদায় হয়নি ক্ষতিপূরণও।
মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের ২৫তম বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে গ্যাস বিস্ফোরণে ক্ষয়–ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হবে। এ ছাড়া কমলগঞ্জে ঘরে ঘরে গ্যাস–সংযোগের দাবিতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
মাগুরছড়া গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান বলেন, মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের ২৫ বছর পূর্ণ হলো। মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন চলে গেলে ক্ষতিপূরণের কী হবে? তাই সরকারকেই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।