দীর্ঘদিন ধরে তালাবদ্ধ, খোলার উদ্যোগ নেই

তিন বছর ধরে যত্ন না নেওয়ায় পাঠাগারে থাকা বইসহ সব আসবাব নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলার গণপাঠাগার তিন বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি মেলান্দহ পৌরসভার কার্যালয় এলাকায়
ছবি: প্রথম আলো

তিন বছর ধরে জামালপুরের মেলান্দহ উপজেলা সরকারি পাবলিক লাইব্রেরি (গণপাঠাগার) তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পাঠাগারের চাবি কার কাছে আছে, তা-ও জানা যায়নি। যত্ন না থাকায় পাঠাগারে থাকা বইসহ সব আসবাব নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। সংশ্লিষ্টদের অভিযোগ, জনবল ও অর্থসংকটে পাঠাগারটি চালু রাখা যাচ্ছে না।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, মেলান্দহ পৌরসভা কার্যালয়ের পূর্ব পাশে পাঠাগারটির অবস্থান। তবে পৌর কার্যালয়ের অনেকে জানেন না, সেখানে একটি পাঠাগার আছে। একটি আধা পাকা ঘরে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে। দরজায় তালা ঝোলানো। কার কাছে তালার চাবি রয়েছে, তা অনেক চেষ্টা করেও জানা যায়নি। ফলে লাইব্রেরির ভেতরে ঢোকার সুযোগ হয়নি। ভেতরে কী পরিমাণ বই আছে, তা-ও জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে যত্ন না নেওয়ায় ভেতরে থাকা বই ও আসবাব নষ্ট হচ্ছে বলে ধারণা করা যায়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ৬০ জন সদস্য নিয়ে মেলান্দহ উপজেলা পাবলিক লাইব্রেরি নামে এ পাঠাগার যাত্রা শুরু করে। প্রথম দিকে ওই সদস্যদের মাসিক চাঁদায় পাঠাগারটি পরিচালিত হতো। পরে সদস্যরা চাঁদা দেওয়া বন্ধ করে দেন। তখন পাঠাগারটি বন্ধ হওয়ার উপক্রম হলে পাঠাগারটি পরিচালনার দায়িত্ব নেয় মেলান্দহ পৌরসভা। পরে উপজেলা প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। কিন্তু তিন বছর ধরে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পর থেকে পাঠাগারটি তালাবদ্ধ রয়েছে।

উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার আসাদুল্লাহ ফরাজি বলেন, ১৯৮৮ সালে তিনিসহ কয়েকজন মিলে এ পাঠাগারের উদ্যোগ নেন। একটি পাঠাগার ব্যক্তি উদ্যোগে চালানো খুব কঠিন। উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। পাঠাগার চালাতে হলে অন্তত একজন গ্রন্থাগারিক, পিয়ন ও পাহারাদার লাগে। টাকা না থাকায় সে জনবল নিয়োগ দেওয়া হয়নি। এদিকে পাঠাগারের বিভিন্ন বিল পরিশোধ করা যায়নি। তাই বাধ্য হয়ে পাঠাগারটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, গণগ্রন্থাগারটি সরকারিভাবে বর্তমানে পরিচালিত হচ্ছে। তবে এর কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি তিনি এখানে যোগদান করেছেন। তিনি নতুন করে পাঠাগারটি চালুর উদ্যোগ নিয়েছেন। ওই পুরোনো ভবন সংস্কার করে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।