দীর্ঘদিন পর বরিশালে জাতীয় পার্টির বড় শোডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে শোভাযাত্রা। শনিবার বিকেলে
ছবি: প্রথম আলো

বরিশালে দীর্ঘদিন পর জাতীয় পার্টি (জাপা) বড়সড় শোডাউন করেছে। আজ শনিবার বিকেলে নগরের দক্ষিণ চকবাজার এলাকায় জেলা পরিষদের সামনে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শোডাউনের আয়োজন করা হয়। নিকট অতীতে বরিশাল নগরে জাতীয় পার্টির এত বড় সমাবেশ দেখা যায়নি। এতে নগরের ৩০টি ওয়ার্ড থেকে দলীয় বিপুলসংখ্যক নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।

পরে কেক কেটে শুরু হয় সমাবেশ। সমাবেশে দলটির নেতারা বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আমরা ভোটের অধিকার চাই। আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন ও ভোটাধিকারের জন্য জাতীয় পার্টি আন্দোলন করে যাবে।
ইকবাল হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব

দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব ইকবাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা ভোটের অধিকার চাই। আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন ও ভোটাধিকারের জন্য জাতীয় পার্টি আন্দোলন করে যাবে। এই জন্য জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।’

ইকবাল হোসেন বলেন, ‘জাতীয় পার্টি বৈষম্যহীন বাংলাদেশ চায়। আমরা বিদেশি প্রভুত্বহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।’

সমাবেশে কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম পারভেজ, সদস্য ও মহানগর জাপা সহসভাপতি রফিকুল ইসলাম, জাপা কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত সেকেন্দার মিয়া, জাপা জেলা নেতা আবদুল জলিল প্রমুখ। সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।