রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ
দীর্ঘদিন মজুরি না পেয়ে শ্রমিকদের ভোগান্তি
শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পাওয়ার কথা। এখন পর্যন্ত এক দিনের মজুরিও না পাওয়ায় শ্রমিকেরা হতাশ।
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে বদরগঞ্জে ৩৫ দিন ও তারাগঞ্জে ২৯ দিন কাজ করেছেন শ্রমিকেরা। বিধি অনুযায়ী, তাঁদের প্রতি সপ্তাহে মজুরি পাওয়ার কথা। এখন পর্যন্ত এক দিনের মজুরিও না পাওয়ায় শ্রমিকেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলায় কর্মসৃজনের শ্রমিক রয়েছেন ১ হাজার ৫৭১ ও তারাগঞ্জে ৯০০ জন। প্রতিদিন ১ জন সাধারণ শ্রমিক মাটি কাটার কাজ করে পাবেন ৪০০ টাকা, দলনেতারা পাবেন ৪৫০ টাকা। বদরগঞ্জে কাজ শুরু হয় গত ৮ জানুয়ারি এবং তারাগঞ্জে ১৫ জানুয়ারি থেকে। বিধি অনুযায়ী, শ্রমিকেরা কাজ করবেন ৪০ দিন। ওই দুই উপজেলায় কর্মসৃজন প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্প হাতে নেওয়া হয়েছে ১৩৫টি। প্রকল্পের কাজ এখনো চলছে।
বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিলেরপাড় গ্রামের কর্মসৃজনের শ্রমিক আবদুল হাকিম (৪০) বলেন, রিকশা চালিয়ে তিনি পাঁচ সদস্যের সংসার চালাতেন। করোনার সময় রোজগার কমে যায়। বাধ্য হয়ে তিনি কর্মসৃজন প্রকল্পে নাম লেখান। তাঁর দৈনিক মজুরি পাওয়ার কথা ছিল ৪০০ টাকা। কিন্তু ৩৫ দিন কাজ করার পর একটি টাকাও পাননি। এতে পাঁচ সদস্যের পরিবারে খাবার জোগাতে পারছেন না।
তারাগঞ্জের মেনানগর গ্রামের শ্রমিক আশরাফুল ইসলাম (৪০) বলেন, ‘ডেলি (প্রতিদিন) কাম করিয়া ছয়জন মানুষ খাই। ২৯ দিন ধরি কাম করোচি, টাকা নাই। বাড়ির গোড়কার দোকানোত বাকি খাইতে খাইতে এ্যালা আর বাকিও দেওচে না। খুব কষ্টোত পড়ছি। স্যারেরা খালি কয়, মোবাইলোত টাকা আসপে। কোন দিন আসপে সেটা কয় না।’
বদরগঞ্জের লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান রাকিব হাসান জানান, তাঁর ইউপিতে কর্মসৃজনের ১৬২ জন শ্রমিক কাজ করছেন। টাকা কবে দেবে, সেটা তাঁরাও বলতে পারছেন না।
বদরগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় বলেন, টাকা বরাদ্দ আছে। সরকারি নির্দেশনা হচ্ছে, শ্রমিকদের নিজ মোবাইল হিসাবে মজুরির টাকা দিতে হবে। তাঁরা ইতিমধ্যে শ্রমিকদের মুঠোফোনে হিসাব খুলে দিয়েছেন। হয়তো অচিরেই তাঁরা টাকা পাবেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, মুঠোফোনে মজুরির টাকা পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হতে হয়তো একটু সময় লাগছে।