দীর্ঘদিন সংস্কার হয় না, ১ কিলোমিটারে দুর্ভোগ

পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামের মধ্যে এক কিলোমিটার অংশ ইটের সলিং পুরোটাই ভাঙাচোরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের জায়গায় জায়গায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সম্প্রতি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে
ছবি: প্রথম আলো

প্রায় দুই দশক আগে সড়কটিতে ইট বিছানো হয়েছিল। এরপর আর সংস্কার হয়নি। সড়কের জায়গায় জায়গায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। সেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। বেহাল রাস্তায় যানবাহন চলাচল কষ্টসাধ্য। এমনকি হেঁটে চলাও কষ্টকর। মাত্র এক কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাত গ্রামের মানুষ।

বেহাল সড়কটি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামে অবস্থিত। সেখান থেকে এটি গোবরা বাজারে মিশেছে। এলাকার মানুষ নড়াইল শহরে এ পথ দিয়েই যাতায়াত করেন।

স্থানীয় লোকজন জানান, কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে নড়াইল সদর উপজেলার গোবরা বাজার ও নড়াইল শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। রঘুনাথপুর, হাড়িয়ারঘোপ, সুমেরুখোলা, বাগডাঙ্গা, ছাগলছিড়া, শ্রীফলতলা ও পাঁচুড়িয়া গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কটির অন্য অংশ পাকা হলেও পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামের মধ্যে মাত্র এক কিলোমিটার ইট বিছানো রয়ে গেছে। দুই দশক আগে সেখানে ইট বিছানো হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই গ্রামগুলোর মানুষ।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, ‘সড়কটির দুর্ভোগের ব্যাপারে বলতে আর কাউকে বাকি নেই। এলজিইডির সর্বোচ্চ জায়গায় ধরনা দিয়েছি। কোনো কাজ হয়নি।’

সরেজমিন দেখা গেছে, পাঁচুড়িয়া ও শ্রীফলতলা গ্রামের মধ্যে এক কিলোমিটার অংশ ইটের সলিং পুরোটাই ভাঙাচোরা। জায়গায় জায়গায় ইট নড়বড়ে, একেক জায়গায় ধসে গেছে। ইট উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে খানাখন্দে পানি জমেছে। এতে কাদাপানিতে বেহাল দশা।

সড়কটি দিয়ে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, গাবরা মিত্র কলেজ, গোবরা মহিলা কলেজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, সড়ক দিয়ে পা টিপে টিপে হাঁটতে হয়। মাঝেমধ্যে অনেকে পড়ে যায়। কাদাপানিতে জামাকাপড় ও বই-খাতা নষ্ট হয়।

গোবরা বাজারের ব্যবসায়ী নাছিম মোল্লা বলেন, সড়কের এ অবস্থায় পণ্য পরিবহনে ব্যবসায়ীদের দুর্ভোগের সীমা নেই।

স্থানীয় ভ্যানচালক সেলিম মোল্লা বলেন, ‘মালামাল ও যাত্রী টানা যায় না। খুব কষ্ট হয়। রোগীদের অবস্থা হয় শোচনীয়।’

সড়কের পাশের বাসিন্দা চিকিৎসক এম ডি আহাদুজ্জামান বলেন, ‘প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের এ অবস্থায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে আমরা নিজেরা ইট ও রাবিস ফেলে কাদা থেকে বাঁচার চেষ্টা করেছি। সড়কটি পাকা হলে ব্যবসায়ী, কৃষিজীবী, ছাত্র, চাকরিজীবী, রোগীসহ সব ধরনের মানুষের দুর্ভোগ লাঘব হবে।’

সদর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সড়কটির ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।