দুঃসময়ে মানুষের বন্ধু ‘প্রজন্ম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে কৃষকের ধান কেটে দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন প্রজন্ম
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার কাজলাপাড়া গ্রামের রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন জাহিদুল ইসলাম। করোনার কারণে তিনি কর্মহীন হয়ে যান। আয় না থাকায় চরম অনটনে পড়েন। ধারকর্জ করে বিঘাখানেক জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। সেই ধান কাটার ব্যবস্থাও করতে পারছিলেন না। সন্তানের দুধ কেনার টাকা তাঁর হাতে ছিল না। খবর পেয়ে তাঁর বাড়িতে হাজির হন একদল তরুণ। খেত থেকে ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিলেন। বিদায় নেওয়ার সময় জাহিদুলের হাতে তুলে দেন উপহার। এই ঘটনা গত মে মাসের।

করোনাকালে জাহিদুলের মতো বিপাকে পড়া কৃষক, শ্রমিক, দুস্থ মানুষদের বিপদে পাশে ছিল স্থানীয় তরুণদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম’। শুধু কৃষকের ধান কেটে দেওয়া নয়, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই সংগঠনটি মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রচারপত্র বিলি ও মাইকিং করেছে। সড়কে যানবাহন থেকে শুরু এলাকার বাজার ও বাড়িতে বাড়িতে জীবাণুনাশক ছিটিয়েছে। বাজারের ১০টি স্থানে ও ২০টি মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের দিয়েছে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই)। ঈদুল ফিতরে ১০০ অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনিসহ বিভিন্ন উপহার।

কাজলাপাড়া গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘খ্যাতত পাকা ধান নষ্ট হয়্যা যাচ্চিল। হাতত টেকা নাই। ধানকাটার কামলারও অভাব আচলো। কুন্টি থ্যাকে চেংড়াগুলো খবর পায়্যা বিয়ানবেলা হামার খ্যাতত আসে হাজির। সারা দিন রোদে পুড়ে ধান কাটে হামার ঘরত তুলে দিয়্যা গেচে। চেংড়াগুলো না আসলে ধান খ্যাততই নষ্ট হয়্যা যাবার লাগচিল।’

গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর এলাকায় প্রজন্ম নামের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল করোনা সংক্রমণের আগেই। ঢাকা, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা যুক্ত হন এই সংগঠনে। শুরুটা ছিল মাদকবিরোধী আন্দোলন, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন, গুজব, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, নারী নির্যাতন, ইভ টিজিং প্রতিরোধ ও রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেভাবেই চলছিল সংগঠনের কার্যক্রম। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রজন্ম নামে অন্য এক লড়াইয়ে।

প্রজন্মের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাহানুর ইসলাম। ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাহমুদুল হাসান।
প্রজন্মের সভাপতি সাহানুর ইসলাম বলেন, ‘করোনায় গণসচেতনতা, পরিচ্ছন্নতা অভিযান, মানবিক সাহায্য করতে গিয়ে অসহায় কৃষকের খেতে পাকা ধান নিয়ে সংকটে থাকার বিষয়টি চোখে পড়ে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই বিপদের সময় অসহায় কিছু কৃষকের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। সহযোগিতা করতে গিয়ে তাঁদের মুখে যে স্বর্গীয় হাসি দেখেছি, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’


মার্চের শেষ দিকে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার কার্যক্রম শুরু করেন প্রজন্মের সদস্যরা। সুখানপুকুর বাজারে ১০টি স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। এলাকার ২০টি মসজিদেও একই রকম উদ্যোগ নেওয়া হয়। সুখানপুকুরের ওপর দিয়ে যাওয়া গাবতলী-সোনাতলা সড়কে চলাচলকারী যানবাহন জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। যানবাহনচালকদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। সপ্তাহজুড়ে চলে সুখানপুকুর বাজারসহ আশপাশে প্রায় ১৫টি গ্রামে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম। যেখানে করোনা সংক্রমণের আশঙ্কা প্রবল, নিয়মিত সেসব জায়গায় জীবাণুনাশক ছিটিয়েছেন তাঁরা।

২১ এপ্রিল বগুড়া জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এতে করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে চলে চাল, ডাল, তেল, আলু ও সাবানের প্যাকেট বিতরণ কার্যক্রম। সরকারি সাহায্য যেখানে পৌঁছায়নি, এমন পরিবার খুঁজে খুঁজে সহায়তা অব্যাহত রাখেন প্রজন্মের স্বেচ্ছাসেবকেরা। সুখানপুকুরের আশপাশের তিনটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা করোনার মধ্যে ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছিলেন। এ স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) সরবরাহ করেছে প্রজন্ম।
ঈদুল ফিতরের আগে সুখানপুকুর এলাকার অসহায় বিধবা নারী, প্রতিবন্ধী, ভিক্ষুক, দিনমজুরসহ খেটে খাওয়া ১০০ পরিবারের কাছে লাচ্ছা সেমাই, চিনি, দুধ, শাড়ি, লুঙ্গিসহ ঈদ-উপহারের প্যাকেট পৌঁছে দেয় প্রজন্ম। নজরার পাড়ার বৃদ্ধ আজিম উদ্দিন (৮৫) বলেন, ‘দুই মাস ঘরত থ্যাকে বেরোবার পারিনি। ঘরত খাবার আচলো না। ঈদত সিমাই কিনবার পারিনি। চেংড়াগুলো বাড়িত আসে হামাক সিমাই, চিনি, দুধ দিয়্যা গ্যাচে। আল্লা ওরকেরে ভালো করবি।’

সুখানপুকুর এলাকার মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক আবদুস সাত্তার বলেন, ‘করোনার সংকটের সময় এলাকার একঝাঁক শিক্ষার্থী যে কর্মযজ্ঞ চালিয়েছেন, সেটা অসাধারণ, অতুলনীয়। তাঁরা মানুষকে করোনা থেকে বাঁচাতে সচেতনতা তৈরির পাশাপাশি মানবিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।’