দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায় চৌমুহনী-ছাতারপাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৬৫)। তিনি বাদাম বিক্রেতা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে। আহত ব্যক্তিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী থেকে সেনবাগের ছাতারপাইয়া বাজারের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশাটি কাশিপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আবদুল কাদের মারা যান। আহত হয়েছেন উভয় অটোরিকশার অন্তত পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করেছে। পরিবারের কেউ থানায় অভিযোগ করলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।