কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আগামী শনিবার দুই দিনের রিমান্ডে নেবে পুলিশ। ওই দুই আসামি হলেন বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন (৩৮) ও কংসনগর গ্রামের মো. পলাশ মিয়া (৩৪)।
মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুর রহমান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
১৩ এপ্রিল রাতে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইলসংলগ্ন হায়দারাবাদনগর এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ এপ্রিল বিকেলে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা মামলা করেন মহিউদ্দিনের মা নাজমা আক্তার। এই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ১৬ এপ্রিল গভীর রাতে হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
মহিউদ্দিন সরকার (২৮) বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে লেখালেখি করতেন।
পুলিশ জানিয়েছে, মহিউদ্দিন সরকার হত্যা মামলায় ১৫ এপ্রিল ভোরে বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন, কংসনগর গ্রামের মো. পলাশ মিয়া, নুরু মিয়া (৩২) ও সুজন খানকে (২৮) গ্রেপ্তার করা হয়। ওই দিনই আসামি মনির ও পলাশের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
কুমিল্লার আমলি আদালত-২–এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন রিপা পরবর্তী সময়ে রিমান্ডের আবেদনের শুনানি করবেন বলে জানান। একই সঙ্গে চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ১৮ এপ্রিল শুনানির ধার্য দিনে আদালতের বিচারক আরও নথি নিয়ে ২০ এপ্রিল আদালতে শুনানিতে উপস্থিত থাকার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে ২০ এপ্রিল দুই আসামি ফরহাদ মৃধা ও পলাশ মিয়ার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুর রহমান বলেন, শনিবার সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার দুই আসামি মনির ও পলাশকে রিমান্ডে নেওয়ার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বুড়িচং থানায় আনা হবে। এ মামলার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত আরও সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।