দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জমি ভরাটের জন্য মাটি কাটা নিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল দুপুরে নন্দরামপুর গ্রামে
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের জমি ভরাটে মাটি তোলা নিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার কুলিয়ারচর উপজেলার নন্দরামগ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। ঘর নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয় ইউনিয়নটির নন্দরামপুর গ্রামে। গ্রামটির বিপরীতে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রাম। ঘর নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটি সরকারের খাসজমি। জায়গাটি নিচু। ওই জমি উঁচু করার জন্য মাটি ভরাটের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই কারণে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় লাগোয়া একটি স্থান থেকে মাটি উত্তোলন করতে এক্সকাভেটর বসানো হয়। এরপরই বাধে বিপত্তি।

মাটি উত্তোলনের একপর্যায়ে আকবরনগর গ্রামের বাসিন্দারা বাধা দেন। তাঁরা দাবি করেন, যে স্থান থেকে মাটি তোলা হচ্ছে, সেটি কৃষিজমি এবং আকবরনগর গ্রামের বাসিন্দারা ওই জমির মালিক। বিষয়টি নিয়ে নন্দরামপুর আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছয়সূতি ও কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিষয়টির সুরাহার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সিদ্ধান্ত হয়, আজ সকালে দুই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে সৃষ্ট বিরোধের আইনগত সমাধান বের করবেন।

ওই সিদ্ধান্ত অনুযায়ী রোববার দুপুর পৌনে ১১টার দিকে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন ও কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে মাঠপর্যায়ে কাজ শুরুর আগেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ভৈরব ও কুলিয়ারচর থেকে পুলিশ যায় এবং ফাঁকা গুলি ছোড়ে। বেলা তিনটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নন্দরামপুর এবং ১২ জন আকবরনগর গ্রামের বাসিন্দা। নন্দরামপুর গ্রামের আহত ব্যক্তিদের মধ্যে রোকন মিয়া, সোহাগ মিয়া, শাওন মিয়া ও সাইফুল মিয়া কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নন্দরামপুর এবং ১২ জন আকবরনগর গ্রামের বাসিন্দা। নন্দরামপুর গ্রামের আহত ব্যক্তিদের মধ্যে রোকন মিয়া, সোহাগ মিয়া, শাওন মিয়া ও সাইফুল মিয়া কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে ছয়সূতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ঘর নির্মাণ করা হচ্ছে গৃহহীনদের জন্য। সরকারিভাবে দেখানো জায়গা থেকেই মাটি উত্তোলন করা হচ্ছিল। মাটি কাটার যন্ত্র আনার পর আকবরনগর গ্রামের লোকমান হোসেন নামের এক যুবক এসে প্রথমে চাঁদা দাবি করেন।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার ভাষ্য, যেহেতু উত্তোলনস্থলের জমির মালিকানা নিয়ে জটিলতা আছে, সে কারণে মাটি কাটার যন্ত্র বসানোর আগে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন ছিল। সেটি করা গেলে আজকে এ রকম বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতো না।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন বলেন,  সমাধান বের করার আগেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সে কারণে সমাধান দিয়েই তাঁদের ঘটনাস্থল ত্যাগ করতে হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়াত ফেরদৌসী। তিনি বলেন, ‘ভূমির স্বত্ব নিয়ে প্রশ্ন ওঠায় আমরা চেয়েছিলাম আইনগত সমাধান। কিন্তু আজ সেটি করা গেল না। তবে এখন আলোচনার ভিত্তিতেই সমাধান বের করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।’

সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছিলেন ভৈরব ও কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি গুলি ছুড়তে হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।