পিরোজপুর
দুই উপজেলায় দূরপাল্লার বাস বন্ধ ৬ দিন, ভোগান্তি
বাসমালিক সমিতির এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনা হচ্ছে। তবে সমিতি থেকে বলা হয়েছে, দূরপাল্লার বাসগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতেই এমন সিদ্ধান্ত।
ঘন ঘন সড়ক দুর্ঘটনার জের ধরে গত শনিবার থেকে পিরোজপুরের উপজেলাগুলোতে দূরপাল্লার বাস ঢুকতে দিচ্ছে না জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি। এতে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে দূরপাল্লার বাসে উঠতে পারছে না তারা।
মালিক সমিতির এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। তবে সমিতির তরফ থেকে বলা হয়েছে, দূরপাল্লার বাসগুলো নিয়মকানুন না মেনেই উপজেলাগুলোতে প্রবেশ করছে। এসব বাসের কারণে সম্প্রতি দুর্ঘটনা বেড়েছে। মানুষের মৃত্যু হচ্ছে। এসব কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হয় আন্তজেলা বাসগুলোকে। দূরপাল্লার বাসগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতেই এমন সিদ্ধান্ত।
সড়ক দুর্ঘটনার অজুহাত দেখিয়ে উপজেলায় দূরপাল্লার বাস বন্ধের পেছেন আছে অন্য রহস্য। উপজেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলে লোকাল বাস লাভবান হবে।
মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের উপজেলাগুলোয় প্রবেশ না করতে সম্প্রতি দূরপাল্লার বাসমালিকদের চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার থেকে জেলার মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঠবাড়িয়া হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কেও ওই বাসগুলো বন্ধ হয়ে যায়। তবে নাজিরপুর উপজেলা হয়ে ঢাকার বাসগুলো জেলা সদরে প্রবেশ করায় এ উপজেলায় দূরপাল্লার বাসের যাত্রীরা ওঠা–নামা করতে পারছেন। আর ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় চলাচল করা দূরপাল্লার বাসগুলো পিরোজপুর জেলা সদরের ওপর দিয়ে না গিয়ে বরিশাল হয়ে চলাচল করায় ওই দুই জায়গায়ও নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। কাউখালী উপজেলায় আগে থেকেই কোনো দূরপাল্লার বাস চলাচল করে না।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দূরপাল্লার বাস চালু করতে গতকাল বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলায় সাধারণ মানুষ মানববন্ধন পালন করেছেন। পৌর ভবনের সামনের সড়কে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা বাসমালিক সমিতির সমালোচনা করে বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল করতে না দেওয়া হলে পিরোজপুর-মঠবাড়িয়া পথে লোকাল বাসও বন্ধ করে দেওয়া হবে। সমাবেশ শেষে এলাকাবাসী মঠবাড়িয়ার বহেরাতলা বাসস্ট্যান্ডে গিয়ে লোকাল বাস চলাচলে বাধা দেন। পরে থানা–পুলিশের হস্তক্ষেপে লোকাল বাস চলাচল শুরু হয়।
একই দাবিতে গত বুধবার সকালে ইন্দুরকানি উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় মানববন্ধন হয়। এতে অংশ নিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার বলেন, উপজেলায় দূরপাল্লার সব পরিবহন বন্ধ করে দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও খুলানগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দূরপাল্লার বাস চলোচল করতে না দিলে সব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
উপজেলাগুলোতে দূরপাল্লার বাসগুলোকে প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিলেন পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস সমিতির সভাপতি জসিম উদ্দিন খান। প্রথম আলোকে তিনি বলেন, পিরোজপুরে সম্প্রতি কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র ও আদালতের একজন কর্মচারী নিহত হয়েছেন। দুটি দুর্ঘটনাতেই ছিল দূরপাল্লার বাস রোহান ও হানিফ পরিবহনের। কিন্তু স্থানীয় লোকজন ওই দুটি বাসসহ লোকাল বাসও ভাঙচুর করেছেন। জানা গেছে, সহকারী দিয়ে ওই বাস দুটি চালানো হচ্ছিল। নিয়ম অনুযায়ী, দূরপাল্লার বাসগুলোকে বিআরটিএ জেলা সদর পর্যন্ত চলাচলের অনুমতি দেয়। এসব বাস উপজেলা পর্যায়ে চলতে হলে জেলা মালিক সমিতির অনুমতি নিতে হয়। পিরোজপুরের দূরপাল্লার বাসগুলোর এ অনুমতি নেই।
জসিম উদ্দিন আরও বলেন, ‘দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি, তাদের চালকদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। গাড়ি ফিটনেসহীন হওয়া যাবে না। এসবের কাগজপত্র দেখিয়ে উপজেলার সড়কগুলোতে চলাচলের অনুমতি নিতে হবে। এরই মধ্যে তিনটি পরিবহনকে উপজেলা পর্যায়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হলো সাকুরা পরিবহন, রাজীব পরিবহন ও বনফুল পরিবহন। আশা করি, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’
দূরপাল্লার বাসগুলোকে বিআরটিএ জেলা সদর পর্যন্ত চলাচলের অনুমতি দেয়। এসব বাস উপজেলা পর্যায়ে চলতে হলে জেলা মালিক সমিতির অনুমতি নিতে হয়।
স্থানীয় পরিবহনকে সুবিধা দিতে জেলা বাস মালিক সমিতি দূরপাল্লার বাস বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক বলেন, সড়ক দুর্ঘটনার অজুহাত দেখিয়ে উপজেলায় দূরপাল্লার বাস বন্ধের পেছেন আছে অন্য রহস্য। উপজেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলে লোকাল বাস লাভবান হবে। আবার জেলা মালিক সমিতির কাছ থেকে দূরপাল্লার পরিবহন মালিকদের অনুমতি নিতে গেলে সমিতির নেতাদের আর্থিক সুবিধা দিতে হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, তাঁরা বৃহস্পতিবার জেলা বাসমালিক সমিতির সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যে কয়েকটি পরিবহনকে উপজেলায় চলাচলের অনুমতি দিয়েছে মালিক সমিতি। এ নিয়ে সোমবার উভয় পক্ষের সঙ্গে বসা হবে।