দুই এসআইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীতে এক নারী উপপরিদর্শক (এসআই) তাঁর স্বামীসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। বুধবার তিনি রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদনটি করেন।

মামলার এক আসামি ওই নারী এসআইয়ের স্বামী ও এসআই (৩৫)। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত। ওই মামলার আরেক আসামি অপর নারী এসআই ঢাকার নবাবগঞ্জ থানায় কর্মরত।

মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত। তাঁর বাবার বাড়ি রাজশাহী। তাঁর স্বামীর বাড়ি নরসিংদী। নারী এসআইয়ের পক্ষে রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান আদালতে মামলার নথিপত্র উপস্থাপন করেন। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে অভিযোগের প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৬ সালে ওই নারী এসআইকে ডিএমপির ওই এসআই বিয়ে করেন। এরপর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এরই মধ্যে তিনি অপর নারী এসআইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে ওই নারী এসআইয়ের ওপর নির্যাতন আরও বেড়ে যায়। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন। তারপর থেকে বিভিন্নভাবে হয়রানি করছেন তাঁর স্বামী।

২০১৬ সালে ওই নারী এসআইকে ডিএমপির ওই এসআই বিয়ে করেন। এরপর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এরই মধ্যে তিনি অপর নারী এসআইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে ওই নারী এসআইয়ের ওপর নির্যাতন আরও বেড়ে যায়। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

মামলায় উল্লেখ করা হয়, ওই নারী এসআইকে হেয়প্রতিপন্ন করতে তাঁর নামে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্নজনের কাছে পাঠিয়েছেন তাঁর স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন। ফলে ওই নারী এসআই তাঁর স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
স্ত্রীকে নির্যাতন ও তাঁর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত এসআইয়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনো কোনো নথিপত্র পাননি। দু-এক দিনের মধ্যে আদালত থেকে নথি আসতে পারে। ওই নথিপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।