দুই কাউন্সিলর প্রার্থীকে হুমকি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মকবুল আহমেদ আখন্দ হুমকির মুখে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধাসহ হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিমাংশু কিশোর দত্ত।
তবে মকবুল আহমেদ আখন্দের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি তাঁর ফোন বন্ধ করে রেখেছেন। দুদিন ধরে তাঁর বাসার ফোনে যোগাযোগ করা হলে গৃহকর্মী ফোন ধরে বারবারই বলছেন, মকবুল আহমেদ বাসায় নেই। তাঁর আরামবাগের বাসায় গেলে নিরাপত্তাকর্মীরা জানান, তিনি বাসার বাইরে আছেন।
তবে তাঁর একজন স্বজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন যুবলীগের এক প্রভাবশালী নেতা। তিনি পুলিশ পাঠিয়ে হুমকি দিচ্ছেন। পুলিশ বাড়িতে গিয়ে বলেছে, নির্বাচন করলে পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। তাই তিনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফরিদউদ্দীন প্রথম আলোকে বলেন, পুলিশ কেন তাঁকে হুমকি দিতে যাবে? নির্বাচনী আইনের লঙ্ঘন হয় এমন কোনো কাজ পুলিশ করবে না। মকবুল আহমেদ বা তাঁর কোনো প্রতিনিধি এ ধরনের কোনো অভিযোগ দেননি বলে জানান তিনি।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার তিনি মকবুল আহমেদের একটি দরখাস্ত পেয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। কিন্তু এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। তিনি নির্বাচনী প্রচারণায় নিষ্ক্রিয় থাকতে পারেন, সেটা তাঁর বিষয়। তবে ব্যালট পেপারে তাঁর নাম ও মার্কা (লাটিম) থাকবে।
আরামবাগ এলাকা ঘুরে মকবুল আহমেদের কোনো পোস্টার বা প্রচারণা দেখা যায়নি।
হুমকির অভিযোগ: মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (কুমড়া মার্কা) হিমাংশু কিশোর দত্তের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর পোস্টার ছিঁড়ে ফেলছেন। তাঁকে প্রচারণায় বাধা দিচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বুধবার দুপুর পৌনে একটার দিকে তাঁর পাইকপাড়ার বাসার নিচতলায় লাঠিসোঁটা নিয়ে আসেন স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত-আটজন কর্মী। তাঁরা বন্ধ ফটকের বাইরে দাঁড়িয়ে তাঁর ছোট ভাই প্রদীপ দত্তকে বলেন, ‘কুমড়া মার্কায় নির্বাচন করলে তোদের তিন ভাইকে গুলি করে মারব। তোর মাকেও মারব।’ তারা বন্ধ ফটকে লাঠি-রড দিয়ে আঘাত করে আতঙ্ক তৈরি করে। কোমর থেকে শার্ট তুলে পিস্তল দেখান একজন। এঁদের একজন মিরপুর থানা আওয়ামী লীগের নেতা এসএম হানিফের ছেলে ফয়সাল।
গতকাল এলাকায় গিয়ে জানা যায়, হিমাংশু কিশোর দত্তের সঙ্গে এসএম হানিফের আত্মীয়তা রয়েছে। যোগাযোগ করা হলে হানিফ বলেন, ফয়সাল আর হিমাংশু মামা-ভাগ্নে। তাঁদের মধ্যে মন-কষাকষি হতে পারে। তিনি বলেন, ‘তাদের মামু-ভাগ্নের একটু ভুল বোঝাবুঝি হইছে। মামুর বাড়ি গিয়ে হম্বিতম্বি করছে ভাগ্নে। আমি ফয়সালকে বকাবকিও করেছি। তবে এ বিষয়ে সবাইকে অভিযোগ করাটা হিমাংশুর ঠিক হয়নি।’
এস এম হানিফ জানান, তিনি কারও পক্ষে কাউন্সিলর নির্বাচন করছেন না। তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের নারী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। হিমাংশুর সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই।
তবে হিমাংশু বলেন, তিনি ৩১ বছর ধরে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতি করেন। বাঙলা কলেজছাত্র সংসদে ছাত্রলীগ নেতা ছিলেন। কাউন্সিলর হিসেবে ১২ নম্বর ওয়ার্ডে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সমর্থন ছাড়া তিনি নির্বাচন করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।